ফুটবলের বাইরে তাঁরা
ফুটবলার হিসেবেই তাঁদের জানি আমরা। কিন্তু এর বাইরেও আছে তাঁদের পরিচয়...বাংলাদেশ সফরে লিওনেল মেসি নামের এক মহাতারকার আড়ালে তিনি অনেকটাই ঢাকা পড়ে ছিলেন। তবে গত কিছুদিনে আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন কিন্তু সার্জিও আগুয়েরো। দেশের মাটিতে কোপা আমেরিকায় দলের হয়ে সর্বোচ্চ গোল করেছেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে যোগ দিয়েছেন শেখ মানসুর বিন জায়েদ আল নাহিয়ানের ম্যানচেস্টার সিটিতে। অভিষেকে গোলসহ নতুন ক্লাবের হয়ে তিন ম্যাচে ৩ গোলও করে ফেলেছেন।ফুটবলীয় দক্ষতা তো আছেই, ম্যারাডোনার জামাতা হওয়ার কারণেও আর্জেন্টিনায় ব্যাপক জনপ্রিয় ‘কুন’। তবে আর্জেন্টিনার মোটর রেসারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় কিন্তু অন্য আরেকটা কারণে। নিজের নামে প্রতিষ্ঠা করেছেন ‘আগুয়েরো কম্পিটিশিয়ন রেসিং টিম’। মোটর রেসিং থেকে বিপুল অর্থ আয় করা নয়, এই দলটা গড়ার উদ্দেশ্য আর্জেন্টিনার তরুণ প্রজন্মের যাঁরা অর্থের অভাবে মোটর রেসিংয়ের জগতে সুবিধা করতে পারছিলেন না, তাঁদের সহায়তা করা।আগুয়েরোর এই উদ্যোগের পেছনে মোটর রেসিং-প্রীতির সঙ্গে সামাজিক দায়িত্ব পালনের ব্যাপারও আছে। তবে আগুয়েরোদের জগতের অনেকেই আছেন, পেশাদারি ফুটবলের চরম চাপের মধ্যেও অন্য কিছুর সঙ্গে জড়িত। কেউ পারিবারিক পেশাটাকে ধরে রাখার চেষ্টা করছেন, কেউ বা শুরু করেছেন অন্য কারবার। কেউ শখের বশে, কেউ বা নতুন কিছু করার তাগিদে।রিও ফার্ডিনান্ডের কথাই ধরুন। ফ্যাশন তাঁর বড় ‘প্যাশন’। এই ফ্যাশন-প্রীতি থেকেই ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের হাত ধরে জন্ম হয়েছে বিশ্বের প্রথম ডিজিটাল ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের। জার্সি নাম্বারের সঙ্গে মিলিয়ে ম্যাগাজিনের নাম # ৫ ম্যাগাজিন। এটির সম্পাদক ফার্ডিনান্ড নিজেই। ‘হোয়াইট চক মিউজিক’ নামের গানের অ্যালবাম পরিবেশনার একটি প্রতিষ্ঠানও গড়েছেন এই ডিফেন্ডার।থিও ওয়ালকটের মূল পরিচয় ফুটবলার। কিন্তু ২২ বছর বয়সেই যাঁর চারটি উপন্যাস প্রকাশিত হয়েছে, তাঁকে সাহিত্যিক বললেও কি ভুল হবে? ‘টি জে’ নামের জনপ্রিয় এক চরিত্রের স্রষ্টা তিনি, চারটি বই-ই টি জের রোমাঞ্চকর অভিযান নিয়ে। শুরুর দিকে তাঁর ডাকনাম ছিল ‘টি জে’, চরিত্রটির নামকরণ সে থেকেই। কে জানে, একসময় হয়তো ফুটবলার পরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠবে ওয়ালকটের সাহিত্যিক পরিচয়টাই!ওয়ালকটের মতো জনপ্রিয় নয়, তবে আর্সেনাল-সতীর্থ আন্দ্রেই আরশাভিনও বই লিখেছেন তিনটি। আবার নিজ দেশ রাশিয়ায় দারুণ পসার জমিয়েছেন ব্যবসায়। খেলার পাশাপাশি ব্যবসা অনেকেই করেন, তবে আরশাভিনের ব্যবসাটা একটু অন্য রকম, মেয়েদের অন্তর্বাসের! অন্তর্বাসগুলোর ডিজাইন আরশাভিন নিজেই করেন, ফ্যাশন ডিজাইনের ডিগ্রিটা কাজে লাগাতে হবে না!স্টিভেন জেরার্ড খুলেছেন রেস্টুরেন্ট। তবে ইংলিশ মিডফিল্ডারের এই রেস্টুরেন্টে গেলে ইংলিশ খাবারদাবার খুব একটা পাবেন না। ফ্রেঞ্চ খাবারদাবার নিজের প্রিয় বলে রেস্টুরেন্টও দিয়েছেন ফ্রেঞ্চ খাবারের। লিভারপুলের মাঠ অ্যানফিল্ড থেকে মাত্র কয়েক মাইল দূরেই জেরার্ডের ‘ওয়্যারহাউস কিচেন অ্যান্ড বার’। বরুশিয়া ডর্টমুন্ডের মিসরিয়ান স্ট্রাইকার মোহামেদ জিদান কায়রোতে খুলেছেন একটা কফিবার। ফুটবল মাঠে ক্ষিপ্র এই স্ট্রাইকার ব্যবসায় নেমেও ক্ষুরধার মস্তিষ্কের প্রমাণ রেখেছেন। কফি পানের পাশাপাশি প্লে স্টেশনে গেমও খেলতে পারবেন জিদানের কফিবারে। দ্রুতই তাই জনপ্রিয়তা পেয়েছে কফিবারটি।আন্দ্রেস ইনিয়েস্তা ফিরে গেছেন শেকড়ে। নিজের শহর ফুয়েন্তেয়ালবিলিয়ায় বিশাল এলাকাজুড়ে আঙুরের চাষ করছেন। উদ্দেশ্য নিশ্চয়ই বুঝতে পারছেন? ওয়াইন বানানো। গত বসন্তেই তাঁর কোম্পানির হোয়াইট ওয়াইন বাজারে এসেছে। নবজাতক কন্যার নামে ওয়াইনের নাম রেখেছেন ভ্যালেরিয়া।অন্য পেশার কাছে ফুটবলার পরিচয় হার মানার উদাহরণও আছে। পুলিশের চাকরিতে পুরো সময় দেওয়ার জন্য ২০০৮ সালে ৩১ বছর বয়সেই অবসর নেন জার্মানির হয়ে দুটি মহিলা বিশ্বকাপজয়ী স্ট্রাইকার স্যান্দ্রা স্মাইসেক। গত বছর বুন্দেসলিগা থেকে নেমে যাওয়া সেন্ট পাওলির মিডফিল্ডার ফ্যাবিয়ান বল আবার এখনো খুঁজে ফিরছেন নিজের আসল পরিচয়। দিনের অর্ধেক সময় তিনি পুলিশ অফিসার, অর্ধেক সময় ফুটবলার! পেশাদারি ফুটবলের জগতে এমন উদাহরণ দ্বিতীয়টি আছে কি না, সন্দেহ। পুলিশ না হয়ে অবশ্য উপায় ছিল না বলের, বাবা-দাদা দুজনই ছিলেন পুলিশ অফিসার। এমনকি বলের স্ত্রীও আছেন পুলিশে!আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা রবার্ট পিরেস ও পেরুর স্ট্রাইকার ক্লদিও পিজারোর শখ আবার বিচিত্র। দুজনেরই দুর্বলতা ঘোড়ার প্রতি! ঘোড়া প্রজননের ফার্মও দিয়েছেন দুজন।বিচিত্রিতায় অবশ্য সবাইকে ছাপিয়ে গেছেন জেনারো গাত্তুসো। বাবা মাছের ব্যবসা করতেন, ছেলেবেলা থেকেই গাত্তুসোর স্বপ্ন বড়সড় একটা মাছের আড়ত দেবেন। ইতালির বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের স্বপ্ন পূরণ হয়েছে গত বছর। মিলানে প্রতিষ্ঠা করেছেন বিলাসবহুল মাছের আড়ত ‘গাত্তুসো অ্যান্ড বিয়াঞ্চি’।তবে জেরার্ড-গাত্তুসোদের মতো সফল কিন্তু সবাই হতে পারেননি। সাও পাওলোতে খেলার সময় পরিবহন ব্যবসায় নেমেছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাফু। ইউরোপে পাড়ি জমানোর পর আর সময় দিতে পারছিলেন না ব্যবসায়। ক্রমেই রুগ্ণ হতে থাকা ব্যবসাটাকে একসময় বন্ধ করেই দিতে বাধ্য হলেন। ফুটবল ছেড়েছেন তিন বছর হলো, পুরোনো ব্যবসায় আর ফিরে যাননি কাফু।ফিফাডটকম থেকে ভাষান্তর: আরিফুল ইসলাম