ভালো খেলতে পারাটাই আসল, ফুটবলার কতটা বুদ্ধিমান, সে খবর রাখে কে! তাই বলে ফুটবলে বুদ্ধিবৃত্তিচর্চার সুযোগ নেই, এমনটা ভাবার কোনো কারণ নেই। ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরিকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন, ‘সাধারণভাবে ক্রীড়ায়, বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই চতুর হতে হবে।’ ফুটবলের সঙ্গে বুদ্ধিমত্তাও যে ওতপ্রোতভাবে জড়িত, সেটা দেখিয়েছেন অর্থনীতির ওপর স্নাতকোত্তর ডিগ্রিধারী ক্যামেরুনিয়ান রোমারিন বিলং, গণিতের ওপর ডিপ্লোমাধারী ফ্রান্সের জাঁ-অ্যালাইন বোমসং। গ্রিসকে ইউরো ফুটবলের শিরোপা এনে দেওয়া জার্মান ফুটবল কোচ অটো রেহাগেল কিংবা ইংল্যান্ড গোলকিপার ডেভিড জেমসের শিল্প ও রাজনীতিপ্রেমও কারও অজানা নয়। রিয়াল মাদ্রিদের পণ্ডিতেরাক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, করিম বেনজেমা, জাভি আলোনসো, রাউল আলবিওলকে দলে টেনে ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদে দ্বিতীয় গ্যালাকটিকোস যুগের সূচনা করেছেন। ফুটবলবিশ্ব এ নিয়ে রোমাঞ্চিত। পেরেজের আরও দুটি নিয়োগ আছে এবং সেখানেও তিনি দিয়েছেন বুদ্ধিমত্তার পরিচয়। চিলিয়ান কোচ হোসে পেলেগ্রিনিকে দিয়েছেন ‘নক্ষত্রপুঞ্জ’ পরিচালনার ভার। আর জর্জ ভালদানো পুরো রিয়াল মাদ্রিদেরই ফুটবল পরিচালক। সবকিছুই সামলেসুমলে রাখবেন।ফুটবল কোচ, এর বাইরেও পেলেগ্রিনির আরেকটা পরিচয় আছে—এল ইনজিনেরিও। মানে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সান্টিয়াগোর ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা পুরোদস্তুর একজন সিভিল প্রকৌশলী। ভদ্রলোক। আর ভালদানো? এল ফিলোসফো, মানে ফিলোসফার। বাংলায় যাকে বলে দার্শনিক। ক্রীড়াবিষয়ে বেশকিছু বইও লিখেছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে ছিয়াশির বিশ্বকাপজয়ী ভালদানো বইয়ের প্রতি নিজের আগ্রহ সম্পর্কে বলেছেন, ‘আমি প্রচুর বই পড়ি। আসলে আপনি যখন কথা বলার মতো কাউকে পাবেন না, তখন বই-ই সেরা সঙ্গী।’খেলোয়াড়দের মধ্যেও রিয়ালে বুদ্ধিবৃত্তিচর্চা করার লোক নিতান্ত কম নয়। জার্মান ডিফেন্ডার ক্রিস্টোফ মেটজেল্ডারের কথাই ধরুন। বিভিন্ন দেশের ভাষাচর্চা করা তাঁর একটা শখ। অনেক স্প্যানিয়ার্ডের চেয়ে তিনি নাকি স্প্যানিশটা ভালো বলতে পারেন! বুদ্ধিবৃত্তিচর্চায় রিয়ালে নতুন এক সঙ্গী পেয়েছেন মেটজেল্ডার—এস্তেবান গ্রানেরো। এ মৌসুমেই রিয়ালে নাম লেখানো গ্রানেরো মূলত একজন বিশেষজ্ঞ মনোবিদ।রিয়াল মাদ্রিদে বুদ্ধিবৃত্তিচর্চার রেওয়াজটা নতুন নয়। ১৯৬৪ থেকে ১৯৮০ পর্যন্ত রিয়ালের হয়ে ১০টি স্প্যানিশ লিগ ও তিনটি স্প্যানিশ কাপ জেতা ফুটবলার হোসে মার্টিনেজ সানচেজ ফুটবলের পাশাপাশি ডাক্তারিটাও পড়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষ করে রিয়ালের চিকিত্সক দলের অংশ ছিলেন আশির দশকে। ডাক্তার ও রাজনীতিবিদফুটবলার ডাক্তারদের কথা বলতে গিয়ে শুধু সানচেজকে দিয়ে শেষ করলে অন্যায় হয়ে যাবে। আর্জেন্টিনাকে ছিয়াশির বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস বিলার্ডোকে সবাই ভালো একজন কোচ হিসেবেই জানে। ১৯৮৩ থেকে ১৯৯০ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকা বিলার্দো একজন দক্ষ গাইনিকোলজিস্টও। ব্রাজিল কিংবদন্তি সক্রেটিসের ডাক্তারি বিদ্যায় পারদর্শিতার কথা অবশ্য অনেকেই জানে। ব্রাজিলের হয়ে ৬০ ম্যাচে ২২ গোল করা সক্রেটিস এখনো ডাক্তারি করছেন এবং ফুটবল ও রাজনীতিবিষয়ে মতামত দিয়ে চলেছেন।সাবেক ফুটবলারদের রাজনীতিতে জড়িয়ে পড়ার ঘটনাও আছে। এ ক্ষেত্রে সবার আগেভাগেই আসে জার্মানির পল ব্রেইটনারের নাম। বায়ার্ন মিউনিখের সাবেক এ তারকা জার্মানির ফুটবল ইতিহাসে অমর হয়ে আছেন এবং থাকবেন চুয়াত্তর ও বিরাশির দুটি বিশ্বকাপে গোল করার জন্য। মাওবাদের সমর্থক ব্রেইটনার রাজনীতিতে নাম করেছেন সোজাসাপ্টা কথা বলার কারণে।ফুটবলের মাঠ থেকে রাজনীতির ময়দানে নামা আরেক গ্রেট জর্জ উইয়াহ। ১৯৯৫ সালের ফিফা বর্ষসেরা উইয়াহ ২০০৫ সালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনেও লড়েছিলেন। জিততে না পারলেও পেয়েছিলেন ঈর্ষা করার মতো ৪০ দশমিক ৪ শতাংশ ভোট। ফুটবলার-রাজনীতিবিদদের তালিকায় আছেন ফুটবলসম্রাট পেলেও। তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের এই কিংবদন্তি ১৯৯৪ থেকে ১৯৯৮ পর্যন্ত সে দেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালে জাতিসংঘের আবহাওয়া ও পরিবেশবিষয়ক শুভেচ্ছা দূতও ছিলেন তিনি। ফুটবল ও বাণিজ্যকেউ কেউ আবার রাজনীতির চেয়ে বাণিজ্যে মনোযোগ দিয়েছেন। ১৯৮৪ সালে প্রথম বিভাগ ফুটবলে অভিষেকের সময় পল লে গুয়েন বলেছিলেন, ‘ফুটবলের মতো পড়াশোনাকেও আমি সমান ভালোবাসি। আমি অর্থনীতিতে ডিগ্রি নেব।’ প্যারিস সেন্ট জার্মেই ও রেঞ্জার্সের সাবেক কোচ ফুটবলকে সময় দিয়েও শেষ করেছিলেন অর্থনীতিতে পড়াশোনা। ১৯৯৬ সালে পিএসজির হয়ে জিতেছিলেন ইউরোপিয়ান কাপ উইনার্স কাপও।জার্মানির সাবেক স্ট্রাইকার অলিভার বিয়েরহফ ও আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারের ট্রফি-কেস নানা রঙের ট্রফিতে সজ্জিত। তাঁদের একাডেমিক সনদপত্রের ফাইলটাও কিন্তু সমৃদ্ধ কম নয়। দুজনই অর্থনীতিতে ডিগ্রি নিয়েছেন। তবে দুজনকেই ছাপিয়ে গেছেন মরোক্কান বংশোদ্ভূত ফরাসি খেলোয়াড় হাসান হারমাতুল্লাহ। সত্তরের দশকে ফরাসি ক্লাব লেনে খেলা এবং পরে টিএসসি ক্যাসাব্লাঙ্কা ও উইদাদ ক্যাসাব্লাঙ্কার কোচের দায়িত্বও পালন করা হারমাতুল্লাহ ডক্টরেট করেছেন অর্থনীতিতে। বইয়ের পোকা সোরিননামের আগে সাবেক শব্দটি যোগ হয়েছে কিছু দিন আগেই। গত ২৮ জুলাই বুটজোড়া তুলে রাখা হুয়ান পাবলো সোরিনের জন্য মনে হয় ভালোই হলো। হাতে অফুরন্ত সময়, পড়তে পারবেন অনেক বই! এ কথা বলার কারণ, এক সাক্ষাত্কারে নিজেকে বইয়ের পোকা হিসেবেই দাবি করেছিলেন সোরিন। এতটাই যে, পড়তে শুরু করা একটা বই শেষ করার জন্য অভিষেকের দিন মাঠে গিয়েছিলেন বাসে চড়ে! আরও কত কীএর বাইরেও কিছু ফুটবলার আছেন, যাঁরা ফুটবলের সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে নিয়েছেন। ফ্রান্সের জ্যা লাক সাসাস পড়েছেন রসায়নে। স্পেনের রুবেন বারাজা ও হুয়ান ম্যানুয়েল মাতা পড়াশোনা করেছেন ফিজিওথেরাপি ও শারীরিক শিক্ষাবিষয়ে। ফ্রান্সের জেরার্ড হুলিয়ার ছিলেন ইংরেজির শিক্ষক। আইসল্যান্ডের গুডনি বার্গসন ছিলেন আইনের ছাত্র। আর ত্রিনিদাদের সাবেক গোলরক্ষক শাকা হিসলপ ছিলেন নাসার চাকরিজীবী। ডিগ্রি না নিয়েওবুদ্ধিজীবী হতে কি স্কুল-কলেজে গিয়ে পড়তেই হবে? জীবন তো সব সময়ই শিক্ষা দেয়। তা-ই যদি না হবে, তাহলে আরজ আলী মাতুব্বর কী করে দর্শনতত্ত্ব দেন! ফুটবলেও এমন একজন ‘আরজ আলী মাতুব্বর’ আছেন। তিনি বিকাশ দোরাসু। বিশেষ পড়াশোনা করেননি। কিন্তু সতীর্থরা তাঁকে বুদ্ধিজীবী হিসেবে জানতেন, বুদ্ধিজীবী বলেই ডাকতেন। দোরাসুর এ গল্প শুনুন তাঁর নিজের কণ্ঠেই, ‘কেউ কেউ হন মজার, কেউ প্রেরণাদায়ী। কেউ আবার লজ্জারাঙা, কেউ থাকেন বুদ্ধিজীবী। তারা সিদ্ধান্তে উপনীত হয়েছিল, আমি শেষোক্ত শ্রেণীতেই পড়ি!’ফিফাডটকম অবলম্বনে আবিদুল ইসলাম