ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে উপজেলা চেয়ারম্যানের খুনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘এ ঘটনার ভিডিও ফুটেজ আছে। ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ আজ শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের এ কথা বলেন। দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত এ বৈঠক চলে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। সৈয়দ আশরাফ আরও জানান, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করার ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি জানান, বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশলও নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির নেতা সানাউল্লাহ নূরকে হত্যা করা হয়।