ফুডিস্তানে ভারত-পাকিস্তান যুদ্ধ (ভিডিও)
ভারত-পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধ শুরু। না এবার অস্ত্র নিয়ে সীমান্তের লড়াই নয়। লড়াইটা হলো রান্নার স্বাদ নিয়ে। কাদের রান্নায় স্বাদ বেশি? ভারত না পাকিস্তানের? নিজেদের রান্নাকে বেশি সুস্বাদু প্রমাণ করতে এবার যুদ্ধে নেমেছে দুই দেশ। যুদ্ধক্ষেত্র হলো রান্নাঘর। আয়োজন করেছে ভারতের টিভি চ্যানেল এনডিটিভি। রান্নার এই যুদ্ধে দুই দেশ থেকে আটজন বাবুর্চি (শেফ) অংশ নিয়েছেন। আর তাঁরা জমিয়ে লড়ছেন রান্না নিয়ে।এনডিটিভিতে প্রতি সোমবার রাতে ‘ফুডিস্তান’ নামে ওই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। এনডিটিভির লাইফস্টাইল-বিষয়ক প্রধান নির্বাহী কর্মকর্তা স্মিতা চক্রবর্তী বলেন ভারত ও পাকিস্তানের দুই দেশের মানুষই খাদ্যরসিক। তাই প্রতিযোগিতাটি হবে খুবই উত্তেজনাকর। দুই দেশের জনপ্রিয় রান্নাগুলো প্রতিযোগিতায় স্থান পেয়েছে। যেমন মোগলাই খাবার বা বিরিয়ানি। ভারতের শেফ সিমিশ ভাটিয়া বলেন, সীমান্তের ওপারের মানুষদের সঙ্গে রান্নায় অংশ নেওয়াটা ছিল খুবই উত্তেজনাকর। এটা ছিল দারুণ মজার। তিনি বলেন, দুই দেশের রান্না ও সংস্কৃতি প্রায় এক। শুধু সীমান্তের পার্থক্য।ফুডিস্তানে বিচারকের এসেছিলেন ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড থেকে। লাহোরের বিখ্যাত শেফ মোহাম্মদ ইকরাম বলেন, ‘ভারতে তাঁদের যথেষ্ট সমাদর করা হচ্ছে। বিচারকেরা তাঁর রান্না খুবই পছন্দ করেছেন। বিশেষ করে মাছের টিক্কা কাবাব ও বিরিয়ানি। বিচারকেরা তাঁর রসমালাইও পছন্দ করেছেন বলে তিনি জানান। তবে পাকিস্তানের আরেক শেফ মোহাম্মদ ইকরাম বলেন ভিন্ন কথা। তিনি বলেন, বিচারকেরা তাঁর রান্না খুব বেশি পছন্দ করেননি। এর কারণ হলো ভারতের ঝোল হয় মসলাদার। আর আমরা মাখন ও ঘি ব্যবহার করে মাংস রান্না করি ভিন্ন পদ্ধতিতে। এ কারণে তাঁদের কাছে স্বাদটা অন্য রকম মনে হতে পারে।’ভারতের বিখ্যাত খাদ্যসমালোচক ভির সাংভি বলেন, পাকিস্তানে রান্নার বৈচিত্র্য কম। সিন্ধি, আফগানি , বালোচি ও পাঞ্জাবি রান্নাই তাঁরা বেশি করেন। কিন্তু ভারতে প্রায় ২৬ ধরনের রান্না হয়। ভারতের রান্নায় যেমন নারকেল ব্যবহার হয়, পাকিস্তানে তেমনটা হয় না।এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে কিছু উত্তেজনাকর পরিস্থিতিও হয়েছে। বিচারকদের মধ্যে একজন ছিলেন ব্রিটিশ মেরিলেস পার্কার। তিনি এক শোতে পাকিস্তানের অভিনেত্রী সোনিয়া জেহানকে একবার অপমানিত করেছিলেন। এই ক্ষোভ থেকে পাকিস্তানের কয়েকজন শেফ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। তবে সবকিছু মিলে জমে উঠেছে দুই দেশের রান্নার লড়াই। বিবিসি অবলম্বনে।