‘উত্তরপুরুষে ভীরু কাপুরুষের উপমা’ হতে চায় না ওরা। তাই ফুল দিয়ে বানানো মাথার মুকুটের সঙ্গে কপালে বেঁধেছে মানবতাবিরোধী অপরাধী রাজাকারের ফাঁসির দাবি লেখা ব্যান্ড। বসন্ত এসেছে পরশু। তার গা ঘেঁষে গতকাল বৃহস্পতিবার এল বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার রঙে রঙিন হয়েছেন তরুণ-তরুণীরা। তরুণীদের বেশির ভাগ পরেছিলেন লাল রঙের শাড়ি, তাঁদের খোঁপায় হলুদ গাঁদা ফুল আর হাতে রিনিঝিনি কাচের চুড়ি। তরুণেরাও পাল্লা দিয়ে পরেছেন লাল পাঞ্জাবি বা ফতুয়া। তবে তাঁরা জানেন, ‘প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য’।শুধু কি তাই? পরে সন্ধ্যা সাতটায় প্রজন্ম চত্বর থেকে দেশজুড়ে মোম প্রজ্বালনের যে আহ্বান জানানো হয়েছিল, বইমেলায় আগত তরুণ-তরুণীরাও তার সঙ্গে যুক্ত হলেন। বাংলা একাডেমীর সামনের রাস্তাজুড়ে মোমবাতি জ্বালানো হলো। নেতৃত্বে স্বয়ং বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। তাঁর সঙ্গে ছিলেন জনপ্রিয় লেখক আনিসুল হক এবং বইমেলা পরিচালনা কমিটির সদস্য ও সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ।সন্ধে ছয়টা থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল যে মেলা প্রাঙ্গণের ভেতরে যেন কোনো মোম জ্বালানো না হয়। বাংলা একাডেমীর মহাপরিচালক বললেন, বইমেলায় যেন অগ্নিকাণ্ড ঘটে না যায়, সে জন্যই তাঁরা কর্মসূচিটিকে প্রাঙ্গণের বাইরে নিয়ে এসেছেন। এর আগে গত মঙ্গলবারও শাহবাগ প্রজন্ম চত্বরের তরুণদের ডাকে তিন মিনিট নীরব ছিল বইমেলা। তরুণ-তরুণীরা সকাল থেকেই ছিলেন শাহবাগ চত্বরে। বিকেল হলে তাঁরা এসে ঢুকলেন বইমেলায় উত্সব আবহে। লোক ঢুকছে লম্বা লাইন করে। এর চেয়ে মন ভরিয়ে দেওয়া দৃশ্য আর কী হতে পারে! লোকসমাগমের তুলনায় বিক্রি যথেষ্ট হচ্ছে কি? প্রকাশকেরা বলছেন, না। ঐতিহ্যের আরিফুর রহমান বললেন, মেলার মূল পরিসরে স্থানের তুলনায় স্টলের সংখ্যা বেশি। এ কারণে লোকসমাগম একটু বেশি হলেই ঝামেলা হয়ে যায়। প্রকৃত ক্রেতারা পড়েন অস্বস্তিতে। ভিড় ঠেলে কাঙ্ক্ষিত স্টলে যাওয়ার ইচ্ছেশক্তি হারিয়ে ফেলেন তাঁরা। তবু মেলাকে বাংলা একাডেমী প্রাঙ্গণের বাইরে নিতে নারাজ। অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন নাথ বললেন, ‘আমার মনে হয় মেলাটাকে প্রকৃত প্রকাশকের মেলায় পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা গেলে বাইরে যাওয়ার দরকার হবে না।’বইমেলায় যথেষ্ট লোকসমাগম হলো কাল। লেখকদেরও অনেকেই এলেন। হাসনাত আবদুল হাইকে দেখা গেল আগামী প্রকাশনীর স্টলে। তিনি অবশ্য মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বও করেছেন। মেলামঞ্চে: ‘তারাশঙ্করের কথাসাহিত্য: স্থানিকতা থেকে চিরন্তনে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জাকির তালুকদার। আলোচনা করেন রশীদ হায়দার, আবুল মোমেন, মুহম্মদ শহীদ উজ জামান। এ আলোচনা অনুষ্ঠানে শ্রোতাদের অনেকের আকর্ষণ হয়ে ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দৌহিত্রী গবেষক কাঞ্চন কুন্তলা মুখোপাধ্যায়। নতুন বই: সৈয়দ আবুল মকসুদের রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন মেলায় এনেছে প্রথমা প্রকাশন। রবীন্দ্রনাথের দর্শন ও ধর্মতত্ত্ব নিয়ে আগেও লেখা হয়েছে, কিন্তু সৈয়দ আবুল মকসুদ দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ রবীন্দ্রনাথের এমন কিছু দিক উপস্থাপন করেছেন, যা আগে আর কোনো বইয়ে আলোচিত ও বিশ্লেষিত হয়নি। মেলার ১৪তম দিনে ১২১টি নতুন বই প্রকাশিত হয়েছে। যতীন সরকারের মানবমন, মানবধর্ম ও সমাজবিপ্ল্লব ইত্যাদি, মনজুরে মওলার কী উত্তর দেবো মূর্ধন্য, শুভাগত চৌধুরীর সুস্থ থাকার সহজ উপায় মুক্তধারা, হাসান হাফিজের অদ্ভূতুড়ে ভূতের গল্প কলি প্রকাশনী, মঈনুল আহসান সাবেরের বাছাই গল্প জয়ন্তী, মারুফ রায়হানের কবিতার বই মুগ্ধ মেঘার্ত মাওলা ব্রাদার্স, জাহিদ মুস্তাফার কবিতার বই করতলে মেঘ সাকী পাবলিশিং, জাহীদ রেজা নূরের উপন্যাস মেয়ে বিশ্বসাহিত্য ভবন, পারভেজ হোসেনের গল্পের বই ডুবোচর শুদ্ধস্বর, শেখ তাসলিমা মুনের একাত্তরের চোখ পাঠসূত্র, সুমন কুমার দাশের বাউলসাধনা: লালন সাঁই ও অন্যান্য রোদেলা, আইরীন নিয়াজী মান্নার হোচিমিন উত্স, আশা নাজনীনের উপন্যাস শাশুড়িপুরাণ সূচীপত্র, সালমা বিশ্বাসের চপলার চোখে আকাশগঙ্গা নালন্দা মেলায় এনেছে।আবার শিশুপ্রহর: আজ সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রয়েছে শিশুপ্রহর।