একটি বুনো ফুল দিয়ে শুরু করা যাক। যে গাছে এই ফুলটি ধরে, তার নিঃশ্বাস থেকে নাকি বিষ বের হয়। সেই বিষ বাতাসে মেশে। সাপ, ব্যাঙ, ইঁদুর, পাখি সবই মারা যায়, যদি নাকে এসে লাগে সেই বিষ; এমনকি শূকরের ছানা, খরগোশও! এই ফুল নিয়ে বেশ কৌতূহলী হয়ে ওঠেন জগন্ময়বাবু নামের এক ভদ্রলোক। ‘বড় রাইটার’ পবিত্রবাবু যখন বললেন, ‘প্রথম যেদিন দেখি (গাছটাকে), সেদিন ঢিবির পাশে একটা আস্ত শুয়োরছানা মরে পড়ে ছিল!’ তখন জগন্ময়বাবুর বিস্ময়, ‘বলেন কী? তা এই নিয়ে কাউকে বলেননি কিছু? ...কাগজে-টাগজে?’ পবিত্রবাবু বললেন, ‘বলবার কী আছে, মশাই? ...আরও কত হাজার রকম বিষফুল, বিষফল, বিষপোকা, বিষপাখি রয়েছে পৃথিবীতে, কে জানে? আরে মশাই, কলকাতাতে বাস, সেখানের হাওয়াটাই বিষাক্ত। ...ফুলের বিষ নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে মশাই?’ অদ্ভুতুড়ে এই ফুল নিয়ে সত্যজিৎ রায় লিখেছেন বিষফুল। আর ফুল নিয়ে অদ্ভুত এক আইন রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুশেটসে। প্রিয়জনের জন্মদিন, বিয়ে, বিশেষ কোনো দিবস পালনে বা যেকোনো অনুষ্ঠানে ফুলের চাহিদা অনেক। সেই ফুল তো তুলতে হয় গাছ থেকেই। কিন্তু ম্যাসাচুশেটসে গাছ থেকে ফুল তোলা নিষেধ! তবে এই আইন শুধু বিশেষ সময়ের জন্য। যতই জরুরি হোক, ম্যাসাচুশেটসের আইনের বইতে বলা আছে, ‘মাঝরাতে ফুল তোলা বেআইনি!’