ফুল পতাকা আর ভালোবাসায় মুসাকে নেপালে বরণ
ফুল, পতাকা আর ভালোবাসায় মুসা ইব্রাহীমকে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) আমরা নেপালে বরণ করে নিয়েছি। বিকেল সাড়ে চারটায় নেপাল-তিব্বত সীমান্তের দুলালঘাটে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসাকে বরণের সময় তৈরি হয়েছিল এক আবেগঘন পরিবেশের। নর্থ আলপাইন ক্লাবের সভাপতি হিসেবে আমি, কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান নাসরিন জাহান, মুসার অভিযান সহযোগী কমল আরিয়াল, বাংলাদেশ থেকে আসা আশরাফ কায়সার, সাংবাদিক পিনাকী রায়, ফরিদুর রহমান মিলে তাঁকে নেপালে স্বাগত জানাই।মুসা ইব্রাহীম, এভারেস্ট বিজয়ী অন্য ছয়জন অভিযাত্রী ও শেরপাদের বহনকারী বাসটি পৌঁছায় নেপাল-তিব্বত সীমান্তে। বাস থেকে নেমে এলে তাঁকে ফুলের মালা আর পতাকা দিয়ে আমি বরণ করি। এরপর আমরা একে অন্যকে জড়িয়ে ধরে টানা ১০ মিনিট কেঁদেছি। এত জল জমা ছিল দুজনের চোখে আগে বুঝিনি। এ সময় কান্নাজড়ানো কণ্ঠে মুসা বলছিলেন, ‘মিটুন দা, আমি তো মরেই গিয়েছিলাম।’ কান্না থামার পর তাকিয়ে দেখলাম, গত কয়েক দিনে মুসার শারীরিক অনেক পরিবর্তন হয়েছে। মুখে দূর্বা ঘাসের মতো দাড়ি গজিয়েছে। নাকটা কালো হয়ে গেছে। সাড়া নেই হাতের আঙুলে। ওকে রোগা দেখাচ্ছে। মনে হচ্ছে, কমপক্ষে ১০ কেজি ওজন কমে গেছে। দৃঢ়প্রত্যয়ী মুসা ইব্রাহীম তাঁর এভারেস্ট অভিযানের সাফল্যের জন্য শেরপাদের কৃতজ্ঞতা জানালেন। বললেন, ওঁরা তাঁর জন্য অনেক কষ্ট সয়েছেন। তাঁর স্বপ্ন পূরণে সঙ্গী হয়েছেন। ২০১০ সালের মধ্যে এভারেস্ট জয়ের স্বপ্ন তো পূরণ হলো, এরপর কী করবেন, জানতে চাইলে মুসা বললেন, ‘প্রথম আলোর সম্পাদক মতি ভাইকে ইতিমধ্যেই জানিয়েছি আমি কী করতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট থেকে ডিগ্রি অর্জন করেছি। শিক্ষাজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। আমি জানি, শিক্ষা নিয়ে কিছু করতে চাই বললে আমাকে কেউ পাত্তা দেবে না। এভারেস্ট জয়ের চেয়ে বাংলাদেশে কিছু করা অনেক বেশি কঠিন। কিন্তু আই এম এ বর্ন ফাইটার। শিক্ষা নিয়ে, তরুণদের নিয়ে আমি কিছু করতে চাই। এ ব্যাপারে আমার পরিকল্পনা করা আছে।’ লাল-সবুজ পতাকায় ঢাকা গাড়িতে চড়ে কাঠমান্ডুতে এলে আরেক দফা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হোটেল গেটে অপেক্ষায় ছিলেন ফখরুল আবেদীন, নওরোজ ইমরোজ, সিমু নাসের ও জিয়া ইসলামসহ তাঁর বন্ধুরা। এখানে উপস্থিত নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিক তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি বলেন, বাঙালি যে দূর্দমনীয় ও অপরাজেয়, এভারেস্ট বিজয়ের মাধ্যমে মুসা ইব্রাহীম আরেকবার তা প্রমাণ করেছেন। মুসার এ বিজয় প্রতিটি বাঙালির গৌরব। মুসাকে কাল শনিবার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।নেপাল পৌঁছানোর পর মুসা ফোনে তাঁর স্ত্রী সরাবন তহুরা, বাবা-মা ও বোনের সঙ্গে কুশল বিনিময় করেছেন।এদিকে এভারেস্ট অভিযাত্রী অপর বাংলাদেশি এম এ মুহিত গতকাল কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে যান। এখানে তিনি জানান, মুসার সঙ্গে তিনি পাশাপাশি বেসক্যাম্পে অবস্থান করতেন। গত ২১ মে প্রচণ্ড ঝড় ওঠায় শেরপারা বলে দেন যাওয়া হবে না। তাই মুহিতকে নেমে আসতে হয়। আজ মুহিত ঢাকা ফিরে যাবেন বলে জানিয়েছেন।নর্থ আলপাইন ক্লাবের পক্ষ থেকে আমি মুহিতকেও অভিনন্দন জানাই। কারণ তিনি ক্যাম্প-৩ পর্যন্ত পৌঁছেছেন। বাংলাদেশের তরুণেরা চেষ্টা করছেন। এটা খুব ভালো খবর।