ফুল সুন্দর, ফল সুগন্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলার অতগুলো উঁচু উঁচু পাহাড়ের সঙ্গে আমার খুব একটা পরিচয় নেই। ওখানকার সব চূড়ার নামও খুব একটা জানা নেই। কিন্তু সেই তুলনায় মৌলভীবাজার জেলার পাথারিয়া পাহাড় আমার অনেক দিনের চেনা। সে পরিচয় শাহরিয়ার কবিরের লেখা বিখ্যাত কিশোর উপন্যাস পাথারিয়ার খনি রহস্য পড়ার পর থেকে। এ বইটিই মূলত পাথারিয়া পাহাড়ের সঙ্গে আমাদের অন্য রকম একটি সম্পর্ক তৈরি করে দেয়। এবার আর গল্পে পড়া পাহাড় নয়, সম্প্রতি বাস্তবেই গিয়েছিলাম পাথারিয়া পাহাড় দেখতে। আমার সঙ্গে ছিলেন স্থানীয় প্রকৃতিপ্রেমী দিগন্ত সৌরভ। দিনের কর্মব্যস্ততা শুরু হওয়ার আগেই আমরা ডিমাই বাজার হয়ে পাহাড়ের পাদদেশে পৌঁছালাম। তারপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসে একটি বড় ধরনের পাহাড়ি ছড়ার কাছে এসে থামলাম। ছড়ায় হাঁটুপানি। এবার আর বাবুগিরি চলবে না, জুতা খুলে প্যান্ট গুটাতে হবে। সামনে আমাদের জন্য অনেক সৌন্দর্য অপেক্ষা করছে। শীতল জল স্পর্শ করে চারপাশে তাকিয়ে দেখি, উঁচু পাহাড়গুলো যেন আমাদের ঘিরে রেখেছে। ক্রমেই দুর্গম হয়ে উঠছে পথ। ঝোপ-জঙ্গলভরা দুই পাশ দিনের বেলায়ও বেশ অন্ধকার। হাতের কাছেই নীল বনলতার ফুল, বন-আনারস। আরেকটু এগোতেই দৃষ্টি কাড়ল হলুদ রঙের কয়েকটি ফুল। প্রথমে ভেবেছিলাম বনঢ্যাঁড়সের ফুল। দেখতে অবিকল একই রকম। কিন্তু ছুঁয়ে দেখি কাঁটায় ভরা গাছ। ভেরি আকৃতির বর্ষজীবী এমন অনেক প্রজাতির ফুল আছে। একটু ভালোভাবে লক্ষ না করলে সঠিকভাবে শনাক্ত করা অসম্ভব। আলোচ্য ফুলটির পোশাকি নাম কালাকস্তুরি (Abelmuschus moschatus) বা মুশকদানা। ইংরেজি নাম Annual Hibiscus, Tropical Jewel Hibiscus, Musk Okra ইত্যাদি। একসময় কিছুটা সহজলভ্য থাকলেও এখন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। বসবাসের ক্ষেত্রে সমতল বা অপেক্ষাকৃত উঁচু স্থানই এদের পছন্দ। সাধারণত পথের ধারে এবং মিশ্র চিরসবুজ বনে সবচেয়ে বেশি দেখা যায়। গাছ বর্ষজীবী, রোমশ ও ঝোপজাতীয়। পাতা তিন থেকে পাঁচ লতিযুক্ত। ফুল হলুদ রঙের, মুক্ত, গভীর শিরাযুক্ত ও অসমান পাপড়ি সংখ্যা পাঁচ, বৃত্তে মেরুন রঙের গোলাকার ছাপ। বীজতেল সুগন্ধি, একসময় কস্তুরি বা মৃগনাভির বিকল্প হিসেবে ব্যবহূত হতো। এ কারণেই এমন নামকরণ। ফল দেখতে ঢ্যাঁড়সের মতোই, বীজ মিষ্টি স্বাদের, পাতা ও অগ্রক সবজি হিসেবে খাওয়া হয়। কালাকস্তুরি আগাগোড়া ঔষধিগুণে ভরা। প্রাচীনকাল থেকেই নানা কাজে ব্যবহূত হচ্ছে। জন্মস্থান ভারত ও বাংলাদেশ।