ফুলজোড় থেকে নদীর নাম হয়ে গেল করতোয়া!
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর নাম পরিবর্তন করে করতোয়া রাখায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন। গত কয়েকদিন আগে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন লোক এসে নদীর দুই পাড়ে বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় ‘নদীর নাম করতোয়া পানি উন্নয়ন বোর্ড’ শীর্ষক খোদাই করা সিমেন্টের বোর্ড টানিয়ে যায়। এ সময় এলাকার মানুষ প্রতিবাদ করলেও তারা প্রতিবাদ শোনেনি। পরে কে বা কারা বোর্ড থেকে খোদাই করা করতোয়া নামটি তুলে ফেলে। হঠাৎ নদীর নাম পরিবর্তন বিষয়ে এলাকার প্রবীণ ব্যক্তি হাবিবুর রহমান বলেন, জন্ম থেকে শুনে আসছি নদীর নাম ফুলজোড়। এটি কেমন করে করতোয়া হলো বুঝতে পারলাম না। ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বলেন, ফুলজোড় নদীর সঙ্গে এই এলাকার মানুষের শতশত বছরের ইতিহাস, ঐতিহ্য জড়িয়ে আছে। সেটি কীভাবে করতোয়া হলো আশ্চর্য লাগে। এলাকাবাসী জানান, যমুনা শাখা নদী হিসেবে বগুড়ার শেরপুর থেকে নেমে আসা নদীটি চান্দাইকোনা পর্যন্ত করতোয়া নামে অভিহিত। চান্দাইকোনা থেকে নলকা পর্যন্ত এটি ফুলজোড় হিসেবে পরিচিত। সে হিসেবে ফুলজোড় পাড়ে চান্দাইকোনা, ধানগড়া, ভূইয়াগাতী, ঘুড়কা, সাহেবগঞ্জ ও নলকায় জনপদ গড়ে উঠেছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করা হলে একটি সূত্র জানায়, তারা করতোয়া নাম দিয়ে প্রস্তর ফলক লাগিয়ে দিয়েছেন। ভুল হলে সংশোধন করা হবে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে।