ফুলজোড় নদীর চর থেকে মাটি বিক্রি করছেন প্রভাবশালীরা!
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে জেগে ওঠা চর থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। মাটি কেটে নেওয়ার ফলে নদীর তীরে নতুন করে ভাঙনের সৃষ্টি হবে বলে এলাকাবাসী জানিয়েছেন। এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হলেও প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে তাঁরা মুখ খোলার সাহস পাচ্ছেন না। ১৫ দিন আগে এলাকার সচেতন মহল রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দরখাস্ত দিলেও তাঁরা কোনো ফল পাচ্ছেন না।লিখিত অভিযোগ এবং এলাকাবাসী সূত্র থেকে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতীরবর্তী ধানগড়া ও ঝাপড়া মৌজার অধীন ১৫-২০ বছর ধরে একটি চর জেগে উঠেছে। চর জেগে ওঠায় পানির গতিপথ পরিবর্তিত হওয়ায় নদীভাঙনের হাত থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছেন। বর্তমানে এই চরে স্থানীয় লোকজন শুকনো মৌসুমে ইরি-বোরো ধানের আবাদসহ নানা ধরনের আবাদ শুরু করেছে। দীর্ঘদিন পর এ বছর হঠাৎ করে এলাকার প্রভাবশালী একটি চক্র স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের হাত করে দু-তিন মাস ধরে অবাধে মাটি কেটে বিক্রি করছে। প্রতিদিন ৫০-১০০ ট্রাক মাটি বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাক মাটি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রিয় করা হচ্ছে।২৭ মার্চ সরেজমিনে দেখা গেছে, ওই চরে ট্রাকের লাইন জমেছে। প্রায় ৫০ জন শ্রমিক মাটি কাটছেন। মাটি বহনের সঙ্গে জড়িত ট্রাকচালক ও তাঁর সহকারীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমাগো কাম ট্রাকে মাটি তুইলা জায়গামতো পৌঁছে দেওয়া। কার মাটি, এইটা আমাগোরে বিচার করার বিষয় নয়।’ এলাকাবাসী ও অভিযোগকারীদের মধ্যে ধানগড়া গ্রামের রফিকুল ইসলাম জানান, জেগে ওঠা চরটি সরকারি খাস জমি। দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র জনগণ এই চরে আবাদ করে আসছে। কোনো সময় কেউই এই মাটি কাটেনি। বর্তমানে যেভাবে মাটি কাটা শুরু হয়েছে, তাতে আগামী বর্ষা মৌসুমে ধানগড়া, মহেশপুর, ঝাপড়া, সিমলাসহ নদীতীরবর্তী এলাকার লোকজনের বাড়িঘর নদীতে অবশ্যই ভেঙে যাবে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চক্রটি একদিকে সরকারি সম্পত্তি কেটে কোটি কোটি টাকা আয় করছে, অপরদিকে জনগণকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।এ বিষয়ে ৪ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তারা কাছে লিখিত অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। লিখিত অভিযোগে রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম, বিএনপির নেতা কামরুজ্জামান ফরিদ, বিএনপির নেতা শহীদুর রহমান, আওয়ামী লীগের নেতা রফিকুল আলম, সাখোয়াত হোসেন, নূরনবী সরকার, সোহেল আক্তার ও জয়নাল আবেদীনের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ আনা হয়েছে।এ বিষয়ে রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম বলেন, ‘এ চরটি ধানগড়া গ্রামের এক ব্যক্তির নামে লিজ নেওয়া আছে। যে টাকা তাঁকে দেবে, সে-ই মাটি কাটতে পারবে। আমরা চারজন তাঁকে টাকা দিয়ে মাটি কাটছি। এখানে কোনো অনিয়ম হচ্ছে না।’লিজ নেওয়া হলেও সরকারি জমি থেকে মাটি কাটার নিয়ম নেই, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই।’ লিজের বিষয়ে উপজেলা ভূমি অফিসের একটি সূত্র জানায়, ওই চরটি প্রতিষ্ঠিত চর। এটি কোনো প্রকার লিজ দেওয়া হয়নি। নদীর অন্য জায়গায় বালুমহাল হিসেবে লিজ দেওয়া আছে। এ জায়গা নয়।এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আহাদ বলেন, ‘অভিযোগকারীদের দরখাস্ত পেয়ে সরেজমিনে তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসকে নির্দেশ দিয়েছি। সহকারী কমিশনার হোসাইন আহমেদ বলেন, নির্দেশ মোতাবেক ভূমি জরিপ করে প্রতিবেদন দাখিলের জন্য ভূমি অফিসের সার্ভেয়ার ও ইউনিয়ন তহশিলদারকে নির্দেশ দিয়েছি। প্রতিবেদন পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।