ফুলপুরে মা ও দুই মেয়েকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাট্রা গ্রামে এক মা ও তাঁর দুই মেয়েকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুর ও নিজেদের ঘর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তিরা হলেন বাট্রা গ্রামের আলী হোসেনের স্ত্রী খোদেজা খাতুন (৫০) এবং তাঁর মেয়ে জহুরা খাতুন (১৮) ও মুর্শিদা খাতুন (১০)। মুর্শিদা রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। জহুরা শারীরিক প্রতিবন্ধী।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, কেবল নিহত বড় মেয়েটির মাথায় সামান্য আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে কৃষিজমিতে পানি দেওয়া নিয়ে বাট্রা গ্রামের আমির উদ্দিন ওরফে টুইন্যার ছেলে বাবুলের সঙ্গে তাঁর সৎভাই উথান মিয়ার ঝগড়া হয়। এ সময় পাশের বাড়ির জনাব আলী (৬০) ও তাঁর নাতজামাই প্রভাবশালী এমদাদ আলী (৩০) সেখানে উপস্থিত ছিলেন। নিহত খোদেজার স্বামী আলী হোসেন ও দেবর আশরাফ আলী, মজিবর রহমান ও হরমুজ আলী এবং তাঁদের স্ত্রীরা ঝগড়া দেখতে সেখানে যান। এ সময় এমদাদ ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে আশরাফ আলীর স্ত্রী সায়িদাকে মারধর করে। রোববার ফুলপুর থানায় আলী হোসেন ও তাঁর ভাইদের নামে মামলা করেন এমদাদ আলী। এরপর আলী হোসেন ও তাঁর তিন ভাই আত্মগোপন করেন।মজিবরের স্ত্রী মাহমুদা জানান, গত রোববার রাতে খাওয়া-দাওয়ার পর খোদেজা তাঁর দুই মেয়েকে নিয়ে ঘরে শুয়ে পড়েন। সকালে প্রতিবেশী জনাব আলীর পুকুরে খোদেজা ও তাঁর মেয়ে মুর্শিদার লাশ পাওয়া যায়। পরে আরেক মেয়ে জহুরার লাশ পাওয়া যায় তাঁদের নিজেদের ঘরে। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।হোসেন আলীর সাত ছেলেমেয়ের মধ্যে জহুরা দ্বিতীয় ও মুর্শিদা ষষ্ঠ সন্তান। দুই ছেলে হেলাল মিয়া (১৫) ও দুলাল মিয়া (১২) ঢাকায় কাজ করে। বড় মেয়ে সাফিয়ার (২২) বিয়ে হয়ে গেছে। জমিলা (১৪) ও জহিরুল (৭) সোমবার রাতে এক আত্মীয়ের বাড়িতে ছিল। মা ও দুই বোনের খুন হওয়ার খবর পেয়ে আলী হোসেনের অন্য সন্তানেরা বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে। এ সময় সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বড় মেয়ে সাফিয়া বারবার মূর্ছা যাচ্ছিলেন। আলী হোসেন গতকাল সন্ধ্যায় বাড়িতে ফেরেন।এ ব্যাপারে কথা বলার জন্য এমদাদ আলী ও জনাব আলীর বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। তবে জনাব আলীর স্ত্রী মোতাব্বর নেছা বলেন, ‘আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে।’ময়মনসিংহ জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুখ বলেন, ওই দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলছে বলে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।