ফুলপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা বাগুন্দা মোড়ে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, স্কুলশিক্ষিকা, চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুজনই স্কুলশিক্ষক। তাঁদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ও ফুলপুর পানিহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবিনা ইয়াসমিন (২৪), ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ (২২)। তাঁদের উভয়ের বাড়ি ফুলপুরের কাকনী গ্রামে। নিহত অন্য তিনজন হলেন বাসের চালক হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামের জামালউদ্দিন (৩৫), ফুলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ইয়াকুব আলী (৬৫) এবং অজ্ঞাত এক পুরুষ (৬০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ও হালুয়াঘাটগামী যাত্রীবাহী একটি বাস ফুলপুরের বাগুন্দা মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই শিক্ষক শাহানাজ মারা যান। আহত যাত্রীদের ফুলপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে হালুয়াঘাটগামী বাসের চালক জামাল, যাত্রী ইয়াকুব আলী ও অজ্ঞাত একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই মারা যান। এ ছাড়া আহত সাবিনা ইয়াসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর পরই মারা যান। আহতদের মধ্যে ১৯ জনকে ফুলপুর ও বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য বাসের চালক পালিয়ে গেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারাকান্দা থানায় মামলা হয়নি।ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।