ফুলবাড়ীতে আন্দোলন স্থগিত
দিনাজপুরের ফুলবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য ডাকা হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচিও স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে ৩১ ডিসেম্বরের মধ্যে আন্দোলনকারীদের তিন দফা দাবি পূরণের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়। বৈঠকের পর পেশাজীবী সংগঠনের সমন্বয়ক মানিক সরকার ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এশিয়া এনার্জিকে সরকারি কোনো চিঠি পাঠানো হয়নি। ফুলবাড়ী কয়লাখনিতে এশিয়া এনার্জিকে কাজ করার অনুমতিও সরকার দেয়নি। আন্দোলনকারীদের বাকি দাবিগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। সম্মিলিত পেশাজীবী সংগঠনের সমন্বয়ক মানিক সরকার প্রথম আলো ডটকমকে বলেন, জীবন ও জীবিকার তাগিদে ফুলবাড়ীর মানুষেরা আন্দোলন করছে। ফুলবাড়ীতে তাঁরা কখনো খনি হতে দেবেন না। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে যেহেতু আশ্বস্ত করা হয়েছে, তাই তাঁরা আন্দোলন স্থগিত করেছেন। বৈঠকে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মইনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা তোলা নিয়ে বহুজাতিক প্রতিষ্ঠান এশিয়া এনার্জিকে সহায়তার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠি প্রত্যাহারের দাবিতে অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠন এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি আন্দোলনের ডাক দেয়। গত শুক্রবার বেলা তিনটার দিকে ফুলবাড়ীর নিমতলা মোড়ে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ১২টার দিকে প্রশাসন কয়লাখনি ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। বেলা পৌনে তিনটার দিকে কমিটির কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে ফুলবাড়ী পৌঁছান। কিন্তু ১৪৪ ধারা জারি হওয়ায় নেতারা নির্ধারিত সময়ে সমাবেশ করতে পারেননি। বিকেল পৌনে চারটার দিকে সমাবেশস্থলের পাশে সংবাদ ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আনু মুহামঞ্চদ সরকারের সমালোচনা করে বলেন, ফুলবাড়ীবাসী দেশের খনিজ সম্পদ রক্ষা করতে সমাবেশ ডেকেছিল। কিন্তু সরকার ১৪৪ ধারা জারি করে শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিল। এর প্রতিবাদে আনু মুহাম্মদ শনিবার থেকে ফুলবাড়ীতে লাগাতার হরতাল এবং ২৮ নভেম্বর সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন। হরতাল চলাকালে ফুলবাড়ীতে আন্দোলনকারীরা রেল ও সড়কপথ অবরোধ করেন। অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। দোকানপাট ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ ছিল।