দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি এলাকায় ১৪৪ ধারা ভেঙে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশে যোগ দিয়েছেন আন্দোলনকারীরা। খনি এলাকার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার লোক সমাবেশে যোগ দেয়। এদিকে শান্তিপূর্ণ সমাবেশে ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে আগামীকাল শনিবার ফুলবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সমাবেশকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি এলাকায় আজ বেলা তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু ১৪৪ ধারা ভেঙে সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা। বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ শুরু হয়। সমাবেশে উপস্থিত ছিলেন তেল-গ্যাস কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ, কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর ও কমিটির সদস্য জীবন বিশ্বাস প্রমুখ। সমাবেশ চলাকালে খনি এলাকায় পুলিশ মোতায়েন ছিল।সমাবেশ শুরুর আগে বিকেল পৌনে চারটার দিকে এক সংবাদ সম্মেলনে আগামীকাল ফুলবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন তেল-গ্যাস কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ২৮ নভেম্বর সারা দেশে তেল-গ্যাস কমিটি বিক্ষোভ করবে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আনু মুহাম্মদ। আন্দোলনকারী সাইফুল ইসলাম বলেন, এশিয়া এনার্জিকে সহায়তা দিতে ফুলবাড়ীর শান্তিপূর্ণ সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৪৪ ধারা জারি করেছেন। ইউএনওর প্রত্যাহার দাবি করেন তিনি।এর আগে বেলা তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। উন্মুক্ত কয়লাখনি করার বিষয়ে সমীক্ষা চালাতে সরকারের দেওয়া চিঠিকে কেন্দ্র করে ডাকা সমাবেশে প্রশাসন এ আদেশ জারি করে।ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।সমীক্ষা চালানোর ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে এশিয়া এনার্জিকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই চিঠির প্রতিবাদে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি আজ বেলা তিনটায় ফুলবাড়ীর নিমতলা মোড়ে সমাবেশের ডাক দেয়।