ফুলবাড়ীতে চলছে দ্বিতীয় দিনের হরতাল
দিনাজপুরের ফুলবাড়ীতে আজ রোববার দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। গতকাল শনিবারের মতো আজও হরতালকারীরা রেল ও সড়কপথ অবরোধ করেছে। সব দোকানপাট বন্ধ রয়েছে।উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা তোলা নিয়ে বহুজাতিক প্রতিষ্ঠান এশিয়া এনার্জিকে সহায়তার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠি প্রত্যাহারের দাবিতে অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠন এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি এ হরতাল ডেকেছে। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা বৈঠকের জন্য দিনাজপুরের জেলা প্রশাসক আহম্মদ শামীম আল রাজী, পুলিশ সুপার মইনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক, সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী) বিমান চন্দ্র কর্মকার, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ফুলবাড়ী এসেছেন। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন। গতকাল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় সম্মিলিত পেশাজীবী সংগঠনের সমন্বয়ক ও ফুলবাড়ী পৌরসভার মেয়র মানিক সরকার অনির্দিষ্টকালের হরতালের ঘোষণা দেন। আন্দোলনকারীরা বলছেন, তিন দফা দাবি পূরণ না হাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের মতো আজও রেল ও সড়কপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট ও বেসরকারি প্রতিষ্ঠান। জানা যায়, গত শুক্রবার বেলা তিনটায় ফুলবাড়ীর নিমতলা মোড়ে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ১২টার দিকে প্রশাসন কয়লাখনি ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। বেলা পৌনে তিনটার দিকে কমিটির কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে ফুলবাড়ী পৌঁছান। কিন্তু ১৪৪ ধারা জারি হওয়ায় নেতারা নির্ধারিত সময়ে সমাবেশ করতে পারেননি। বিকেল পৌনে চারটার দিকে সমাবেশস্থলের পাশে সংবাদ ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আনু মুহামঞ্চদ সরকারের সমালোচনা করে বলেন, ফুলবাড়ীবাসী দেশের খনিজ সম্পদ রক্ষা করতে সমাবেশ ডেকেছিল। কিন্তু সরকার ১৪৪ ধারা জারি করে শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিল। এর প্রতিবাদে আনু মুহাম্মদ শনিবার ফুলবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতাল এবং ২৮ নভেম্বর সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন।