ফুলবাড়ী ও বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার সুপারিশ
ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সংবাদ ব্রিফিংয়ে জানান, কমিটির সদস্যদের সাম্প্রতিক জার্মানি সফরের অভিজ্ঞতার আলোকে এই সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, কমিটি মনে করে পানি-ব্যবস্থাপনা ও পুনর্বাসন-ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করতে পারলে বড়পুকুরিয়া ও ফুলবাড়ী কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা সম্ভব হবে। এ ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আগামীতে পরিবেশগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক গোষ্ঠী এই কয়লা তোলায় আপত্তি জানাতে পারে। জার্মানির কোলনের তিনটি উন্মুক্ত কয়লাখনি পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে সুবিদ আলী ভূঁইয়া বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হলে দেশ মরুভূমি হয়ে যাবে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সঠিক নয়। জার্মানিতে সে রকম কোনো আলামত দেখা যায়নি। তবে এই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার ক্ষেত্রে কমিটি জার্মানি ও বাংলাদেশের তুলনামূলক আয়তন ও জনসংখ্যার পার্থক্য বিবেচনায় নিয়েছে কি না, এ প্রশ্নটি কমিটির সভাপতি এড়িয়ে যান। সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, নিলুফার জাফর উল্লাহ, ওমর ফারুক চৌধুরী ও আবদুল্লাহ আল ইসলাম উপস্থিত ছিলেন।