ফুলবাড়ী কয়লা প্রকল্পে সহায়তার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রকল্পটি যে ব্রিটিশ কোম্পানির ব্যবসায়িক তৎপরতার মূল ভিত্তি, সেই গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) লিমিটেড বলেছে, বাংলাদেশ সরকার ফুলবাড়ী এলাকায় কোম্পানির কার্যক্রমে সহায়তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে।গত জুনে শেষ হওয়া অর্থবছরে ৩৩ লাখ পাউন্ড (প্রায় ৩৭ কোটি টাকা) লোকসানের পরও ফুলবাড়ী কয়লাক্ষেত্র নিয়ে জিসিএম কেন আশাবাদী, শেয়ারহোল্ডারদের কাছে তা ব্যাখ্যা করে কোম্পানির চেয়ারম্যান জেরার্ড হোল্ডেন বলেন, স্থানীয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় প্রকল্প এলাকায় বিভিন্ন জরিপকাজ প্রায় শেষ হয়ে এসেছে।গতকাল বৃহস্পতিবার সকালে লন্ডনের ইনস্টিটিউট অব ডিরেক্টরসের সভাকক্ষে শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত প্রতিবেদন ও বক্তব্যে এসব কথা বলা হয়েছে। সভায় বলা হয়, ফুলবাড়ীর জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের জন্য তারা নতুন চ্যানেল প্রতিষ্ঠা করেছে। সাবেক এশিয়া এনার্জি নামের কোম্পানিটি ২০০৩ সালে জিসিএম লিমিটেডে রূপান্তরিত হয় এবং পরের বছর তা লন্ডন স্টক এক্সচেঞ্জের সহযোগী অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) তালিকাভুক্ত হয়। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদের সূত্রে জানা গেছে, জেরার্ড হোল্ডেন বলেছেন, ২০১৩ সালের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই প্রকল্পটি সরকারের অনুমোদন লাভ করবে বলে তিনি আশাবাদী। কয়েকজন শেয়ারহোল্ডারের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি শুধু বলেন, তাঁরা এখন বিশেষভাবে নজর দিচ্ছেন সরকারকে এটা বোঝানোর জন্য যে, প্রকল্পটি কীভাবে দেশের জ্বালানি ও বিদ্যুতের চাহিদা মেটাতে সহায়ক হতে পারে। হোল্ডেন বলেন, তাঁরা সরকারকে এটাও বোঝানোর চেষ্টা করছেন যে, প্রকল্প এলাকায় চার হাজার মেগাওয়াট উৎপাদনক্ষম একটি বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করা হলে কয়লা পরিবহনের বাড়তি খরচ এড়ানো যাবে।গত নভেম্বরের শেষ সপ্তাহে ফুলবাড়ীতে জিসিএমের কার্যক্রমে প্রশাসনিক সহায়তার নির্দেশের খবর প্রচারিত হলে সেখানে বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সহিংসতার ঘটনা ঘটে। পর পর দুই দিনের হরতালের পটভূমিতে সরকারের পক্ষ থেকে কোনো সহায়তার নির্দেশ জারির কথা নাকচ করে দেওয়া হয়।এ বিষয়ে বার্ষিক সাধারণ সভার আগে প্রথম আলোর প্রশ্নের জবাবে কোম্পানির পক্ষ থেকে লিখিত উত্তরে নভেম্বর মাসে ফুলবাড়ীতে কোনো সহিংসতার কথা নাকচ করে বলা হয়, ওজিপিসি (তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি) নামের একটি ক্ষুদ্র গোষ্ঠী কিছু কর্মসূচি পালন করেছে। কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়, বড়পুকুরিয়ার উত্তর প্রান্তে মূল প্রকল্প থেকে ১০ কিলোমিটার দূরে সরকার উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনা ঘোষণা করেছে। প্রতিবাদকারীরা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা করছেন না। তাঁদের বিরোধিতা শুধু বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে।এদিকে ওজিপিসির যুক্তরাজ্য শাখা জিসিএমের সাধারণ সভার স্থানের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করে। এ ছাড়া বিভিন্ন দেশে খনি এলাকার জনগোষ্ঠীর মতামত গ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পরিবেশগত বিষয়গুলো নিয়ে কাজ করে, এমন একাধিক নাগরিক অধিকার গোষ্ঠী লন্ডন মাইনিং নেটওয়ার্ক এবং ওয়ার্ল্ড মুভমেন্ট ফোরামের প্রতিনিধিরাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। লডন মাইনিং নেটওয়ার্কের মুখপাত্র রিচার্ড সলি বলেন, প্রকল্প এলাকায় আদিবাসী জনগোষ্ঠীসহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, পরিবেশ ও পানিসম্পদের ওপর সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়ার বিষয়গুলো সাধারণ সভায় তুলে ধরার জন্য তাঁদের সংগঠনের পক্ষ থেকে শেয়ার কিনে কয়েকজন শেয়ারহোল্ডার হিসেবে এই সভায় অংশ নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করলেও কোম্পানির চেয়ারম্যান নতুন কোনো তথ্য দেননি।সূত্রগুলো জানায়, সভায় খনিজ সম্পদ আহরণের বাণিজ্যে নিয়োজিত ব্রিটিশ কোম্পানিগুলোর কার্যক্রমের বিষয়ে গত ২৮ নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত বিতর্কে জন ম্যাকডোনেল এমপি জিসিএমের যে সমালোচনা করেছেন, সে বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে হোল্ডেন বলেন, এসব সমালোচনা তথ্যনির্ভর নয়। সভার শেষ দিকে ক্লাইমেট জাস্টিস কালেক্টিভ নামের একটি পরিবেশবাদী সংগঠনের একজন সদস্য সান্তার পোশাকে সভাকক্ষে ঢুকে পরিচালনা পর্ষদের টেবিলে কয়লা ঢেলে দেন। ফলে সাময়িকভাবে সেখানে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়।সাধারণ সভার পেশ করা হিসাব বিবৃতিতে দেখা যায়, ২০১১ সালে কোম্পানিটি যেখানে ২৩ লাখ পাউন্ড (প্রায় ২৬ কোটি টাকা) লাভ করেছে, সেখানে ২০১২ সালে লোকসান করেছে প্রায় ৩৭ কোটি টাকা। কোম্পানির নিরীক্ষিত হিসাবে দেখা যায়, বাংলাদেশে পিপলস টেল নামের একটি টেলিকম কোম্পানিতে জিসিএমের প্রায় ৩৭ শতাংশ বিনিয়োগ রয়েছে। প্রথম আলোর অনুসন্ধানের জবাবে জিসিএম জানিয়েছে, ওই বিনিয়োগ থেকে এ পর্যন্ত তারা কোনো মুনাফা পায়নি। পিপলস টেলে এই বিনিয়োগকে জিসিএম কোম্পানির বিক্রয়যোগ্য সম্পদ হিসাবে দেখিয়েছে।বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সাল থেকে কোম্পানির প্রধান নির্বাহীর দায়িত্ব পালনকারী স্টিভ বাইওয়াটার গত মার্চ মাসে পদত্যাগ করেছেন এবং দুজন নির্বাহী পরিচালক গ্যারি এন লাই ও গ্রাহাম ট্যাগার্ট যৌথভাবে বাইওয়াটারের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রায় ছয় বছর বাংলাদেশে কার্যক্রম পরিচালনায় মূল ভূমিকা পালনকারী বাইওয়াটার পদত্যাগের জন্য ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন দুই লাখ ৩৭ হাজার পাউন্ড। এ ছাড়া কোম্পানিতে তাঁর অপশন শেয়ার রয়েছে ১০ লাখ পাউন্ডের, যা ২০১৪ সালের আগে বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এসব শেয়ারের প্রতিটির অভিহিত মূল্য এক পাউন্ড করে।জিসিএমের হিসাব অনুযায়ী, ফুলবাড়ীতে মজুদ কয়লার পরিমাণ ৫৭ কোটি ২০ লাখ টন। বর্তমান বাজারদরে তার মূল্য চার হাজার ৩০০ কোটি ডলার (প্রায় ৩৫ হাজার কোটি টাকা)।