ফুলবাড়ী খনি চালুর চাপ যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের অনুমতি দিতে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। মরিয়ার্টি এ জন্য প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠকও করেন। উইকিলিকসের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান গত মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে।উইকিলিকসের তথ্যমতে, মরিয়ার্টি গত বছরের জুলাই মাসে এক তারবার্তায় বলেন, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি উপদেষ্টাকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে ব্রিটিশ কোম্পানি গ্লোবাল কোল ম্যানেজমেন্টকে (জিসিএম) অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশে অবস্থানরত এশিয়া এনার্জি জিসিএমের সহযোগী সংস্থা।তারবার্তায় মরিয়ার্টি আরও উল্লেখ করেন, ফুলবাড়ী প্রকল্পের পেছনে এশিয়া এনার্জি রয়েছে। এই প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ বিনিয়োগ রয়েছে। এশিয়া এনার্জির কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, বাংলাদেশ সরকার শিগগিরই এই প্রকল্পে তাঁদের পক্ষে অনুমোদন দেবে বলে তাঁরা আশাবাদী। মরিয়ার্টি উল্লেখ করেন, তৌফিক-ই-ইলাহী তাঁর কাছে স্বীকার করেন, কয়লাখনির বিষয়টি রাজনৈতিকভাবে এবং ওই অঞ্চলের স্থানীয় জনগণের কাছে খুবই স্পর্শকাতর। তবে সংসদীয় প্রক্রিয়ায় এ ব্যাপারে ইতিবাচক সমর্থন তৈরিতে তিনি (তৌফিক-ই-ইলাহী) রাজি হন।গার্ডিয়ান এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৬ সালে কয়লাখনি এলাকার স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে জিসিএম ফুলবাড়ী খনি প্রকল্প বন্ধ করে দিতে বাধ্য হয়। বিক্ষোভে পুলিশ গুলি চালালে তিনজন নিহত ও শত শত মানুষ আহত হয়। কিন্তু ওই খনি পরিচালনার জন্য এখনো জোর তদবির চালিয়ে যাচ্ছে জিসিএম। চলতি মাসের শুরুর দিকে জিসিএমের চেয়ারম্যান স্টিভ বাইওয়াটার বলেন, বাংলাদেশের সংসদীয় স্থায়ী কমিটি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার ব্যাপারে সুপারিশ করেছে।প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকার অবশ্য ওই খনি প্রকল্পের ভবিষ্যত সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। জানা যায়, যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশের জ্বালানি উপদেষ্টাকে চাপ দিয়ে যাচ্ছে। এদিকে উন্মুক্ত পদ্ধতি বাতিল এবং বাংলাদেশ থেকে এশিয়া এনার্জিকে বহিষ্কারের দাবিতে আন্দোলন এখনো অব্যাহত আছে। গত মাসেও এই দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালিত হয়।জিসিএমের সঙ্গে গার্ডিয়ান এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।