ফুলবাড়ী-নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে ভোগান্তির শিকার হচ্ছে বাসযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ ডিসেম্ববর বাস না পেয়ে রিকশায় নাগেশ্বরী যেতে বাধ্য হলেন সুফিয়া খাতুন (৫০)। পরদিন জেলার নাগেশ্বরীর কলেজ মোড়ে বাসের জন্য দুই ঘণ্টা অপেক্ষা করেও ফুলবাড়ীগামী বাসের হদিস পাননি তিনি। শেষে রিকশায় আসেন ২৫ কিলোমিটার পথ। তিনি বলেন, ‘নাগেশ্বরী-ফুলবাড়ীর বাস না থাকায় ভীষণ ভোগান্তিতে পড়েছি! পরে ১০০ টাকায় রিকশা ভাড়া করে সারা রাস্তায় ধাক্কা খেতে খেতে এসেছি, অথচ বাসের ভাড়া নিত ১৫ টাকা আর কষ্টও হতো না।’বালারহাট থেকে উলিপুরে যেতে গত ৩০ ডিসেম্বর ভোগান্তিতে পড়ল সুমন (১৭)। বালারহাট থেকে বাসের জন্য ফুলবাড়ীতে এসে নাগেশ্বরী পর্যন্ত তাকে যেতে হলো রিকশায়। সুমন বলল, ‘আর কোনো দিন এভাবে বেড়াতে আসব না, বাস নেই রিকশারও ভাড়া অত্যধিক!’ শুধু সুফিয়া খাতুন আর সুমনই নয়, শত শত বাসযাত্রী কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাস চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে প্রতিদিন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে ২০০৭ সালের ১৬ জুলাই বাস চলাচলের উদ্বোধন করা হয়। সে সময় প্রথম দিন থেকে ‘কুড়িগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ’-এর ১২টি বাস ফুলবাড়ী-নাগেশ্বরী-কুড়িগ্রাম রুটে চলতে থাকে। পরে কুড়িগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ১২টি থেকে নামিয়ে ছয়টি করে এবং নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলাভিত্তিক সংগঠন ‘কুড়িগ্রাম বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ছয়টি বাস যুক্ত করে ১২টি বাস চলাচল করে। গত সেপ্টেম্বর থেকে কুড়িগ্রাম বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি (সাবেক উত্তর ধরলা মোটর মালিক সমিতি) ও কুড়িগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বাস চলাচল নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব হওয়ায় কুড়িগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এই রুটের সব বাস তুলে নেয়। ফুলবাড়ী বাসস্ট্যান্ডের চেইন মাস্টার মো. নূর আলম বলেন, কুড়িগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রাম রুটে ছয়টি বাস তুলে নেওয়ায় কুড়িগ্রাম বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ছয়টি বাসে এখন আর সংকুলান হয় না। এ কারণে অনিয়মিত বাস চলাচলে যাত্রীর যেমন কষ্ট হয়, আমাদেরও উপার্জন কম হয়। এরকমভাবে চললে এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাবে।’কুড়িগ্রাম বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন সাহা বলেন, ‘বাস চলাচল কম হওয়ায় লোকসান হচ্ছে এটা ঠিক, কিন্তু হিন্দু সম্প্রদায়ের বিয়ের কারণে বাস রিজার্ভ ভাড়া দেওয়ায় বর্তমানে আমাদের বাসস্বল্পতা দেখা দিয়েছে। আশা করি, কয়েক দিনের মধ্যে আগের মতো বাস চলাচল করবে।’কুড়িগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. লুত্ফর রহমান বকশী প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাস দিতে কোনো আপত্তি নেই। আমরা কখনো তাদের বাধা দিয়েছি, এ রকম কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না বরং তারাই আমাদের বাধা দিচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি জানি, কিন্তু এ বিষয়ে কিছু বলতে পারব না।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রব্বানী সরকার বলেন, ‘বাস চলাচল বন্ধ হলে তো খুব সমস্যা। কী করা যায়, তার একটা ব্যবস্থা নেওয়া হবে।’