ফুলবাড়ী কয়লাখনির উন্নয়ন ও উত্তোলন প্রকল্পে ব্রিটিশ কোম্পানি গ্লোবাল কোল ম্যানেজমেন্টের (জিসিএম) বিনিয়োগ পরিকল্পনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত হচ্ছে। বহুজাতিক কোম্পানিগুলোর জন্য অনুসরণীয় ওইসিডির (অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) নীতিমালার সঙ্গে জিসিএমের পরিকল্পনা সংগতিপূর্ণ নয় বলে দুটি বেসরকারি সংগঠনের পেশ করা অভিযোগ তদন্তের কথা ঘোষণা করা হয়েছে শুক্রবার।ওইসিডিভুক্ত দেশগুলোর কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম পরিচালনার বিষয়ে শেয়ারহোল্ডার এবং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে সংস্থার একটি নীতিমালা রয়েছে, যা অনুসরণে ব্যর্থ হলে সংস্থার কাছে অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে। সংস্থার নিয়ম অনুযায়ী, এ ধরনের যেকোনো অভিযোগ বিবেচনার প্রাথমিক দায়িত্ব হচ্ছে, যে দেশের কোম্পানি সেই দেশের সরকারের গঠিত ফোরাম—ন্যাশনাল কন্টাক্ট পয়েন্ট (এনসিপি)। এনসিপি অভিযোগের বিষয়টিতে অনুসন্ধান পরিচালনা ছাড়াও উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে পারে। এনসিপি তার অনুসন্ধান বা মধ্যস্থতা চেষ্টার ফলাফল বিবৃতি আকারে প্রকাশ করে থাকে।জিসিএমের ক্ষেত্রেও এই দায়িত্ব পড়ে ইউকে এনসিপির ওপর। শুক্রবার ইউকে এনসিপির এক বিবৃতিতে জানানো হয়, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি প্রজেক্ট এবং ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট মুভমেন্ট নামের দুটি সংগঠনের পেশ করা অভিযোগ বিবেচনার পর তাঁরা মনে করছেন, এ বিষয়টি আরও বিশদভাবে পর্যালোচনা করা প্রয়োজন।জিসিএমও শুক্রবার লন্ডন স্টক এক্সচেঞ্জ এবং তার বিনিয়োগকারীদের এ বিষয়টি জানিয়েছে। জিসিএমের চেয়ারম্যান জেরাল্ড হোলডেন ওই অভিযোগের কিছু বিষয়ে আরও তদন্তের জন্য এনসিপির গৃহীত সিদ্ধান্তকে দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি একই সঙ্গে আশাবাদ প্রকাশ করেছেন যে ওইসিডি যদি কোনো ক্ষেত্রে তাদের নীতিমালার সঙ্গে অসংগতি দেখতে পায়, তাহলে জিসিএম তা নিরসন করে প্রকল্পটিকে আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালনা করবে। জিসিএমের বিবৃতিতে বলা হয়, গত বছরে ওই অভিযোগ উত্থাপিত হওয়ার পর এ বছরের ফেব্রুয়ারিতে তারা ওইসিডির বিভিন্ন প্রশ্নের জবাবে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে। জিসিএমের বিবৃতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে যে স্পষ্টতই এসব ব্যাখ্যা এনসিপিকে সন্তুষ্ট করতে পারেনি।ওইসিডিতে অভিযোগকারী প্রতিষ্ঠান দুটির অন্যতম ওয়ার্ল্ড ডেভলেপমেন্ট মুভমেন্ট (ডব্লিউডিএম) বলছে, বাংলাদেশে কয়লাখনির প্রকল্পের পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়েই তারা ওই অভিযোগ করেছিল। তাদের অভিযোগে বলা হয়, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের যে পরিকল্পনা করা হচ্ছে তার ফলে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হবেন। দেশের সবচেয়ে উর্বর ও সুফলা ১২ হাজার একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে এবং ২৩টি আদিবাসী গোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘিত হবে। অভিযোগকারী অপর এনজিও ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি প্রজেক্টের একজন মুখপাত্র কেট হোশর ওইসিডির এ তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, জাতিসংঘের সবচেয়ে অভিজ্ঞ মানবাধিকার বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এ প্রকল্পটি বাস্তবায়িত হলে লাখ লাখ লোক খাদ্য ও পানির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাতজন বিশেষজ্ঞ গত বছরের ফেব্রুয়ারি মাসে এক যৌথ বিবৃতিতে এই প্রকল্পের কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। জিসিএমের প্রকল্প পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিক্ষোভে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে ডব্লিউডিএম। এই তদন্তের ঘোষণার পর শুক্রবার লন্ডন স্টক এক্সচেঞ্জের বিকল্প বিনিয়োগ বাজারে (অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট—এআইএম) জিসিএমের শেয়ারের দর ১৯ শতাংশ কমে গিয়ে ১৭ পেন্সে দাঁড়ায়। এর আগে গত ফেব্রুয়ারিতে বিতর্কিত ব্রিটিশ কোম্পানি জিসিএম জানিয়েছিল, ফুলবাড়ী প্রকল্পটির অনুমোদন লাভের কাজে সহায়তার জন্য তারা মাইকেল ভি মুন ট্যাংয়ের বিনিয়োগ প্রতিষ্ঠান মেটিয ক্যাপিটালকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে। ওই ঘোষণায় মাইকেল ট্যাংয়ের সঙ্গে চুক্তিটি এক বছরের জন্য বহাল থাকার কথা বলা হয়েছিল, যা থেকে ধারণা পাওয়া যায়, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে তারা প্রকল্পটির বিষয়ে সরকারি অনুমোদন আশা করছিল।এরপর গত ৬ মার্চ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদলকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, বর্তমান সরকারের মেয়াদেই কয়লা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং উন্মুক্ত পদ্ধতিতেই কয়লা উত্তোলন করা হবে।জিসিএম প্রায় এক দশক ধরে ফুলবাড়ী কয়লাখনি প্রকল্পে খননকাজ শুরুর জন্য চূড়ান্ত সরকারি অনুমোদন লাভের চেষ্টা করছে। কোম্পানিটি এর আগে এশিয়া এনার্জি নামে পরিচিত ছিল এবং তারা ফুলবাড়ী এলাকা এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ে তুমুল বিরোধিতা ও প্রতিকূলতার সম্মুখীন হয়। পরে এশিয়া এনার্জি ২০০৩ সালে জিসিএম লিমিটেডে রূপান্তরিত হয় এবং পরের বছর তা লন্ডন স্টক এক্সচেঞ্জের সহযোগী অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম ) তালিকাভুক্ত হয়। বাংলাদেশের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রকল্পটিই হচ্ছে ব্রিটিশ কোম্পানি জিসিএম ব্যবসায়িক তৎপরতার মূল ভিত্তি। জিসিএমের হিসাব অনুযায়ী, ফুলবাড়ীতে মজুত কয়লার পরিমাণ ৫৭ কোটি ২০ লাখ টন এবং বর্তমান বাজারদরে তার মূল্য চার হাজার ৩০০ কোটি ডলার।