ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের গাছ সাবাড়
দিনাজপুরের ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের মূল্যবান গাছগুলো প্রতি রাতে চুরি হয়ে যাচ্ছে। প্রায় ২০ বছর আগে এলজিইডির রোপণ করা পুরোনো গাছগুলো গত দেড় মাসে চোরেরা সাবাড় করে দিয়েছে। স্থানীদের অভিযোগ, ওই সড়কে প্রতি রাতে পুলিশ টহল দেয়। এরপরও প্রায় দেড় শ মেহগনি ও নিমগাছ চুরি হয়ে গেছে অথচ এখন পর্যন্ত একজন গাছ চোরকেও পুলিশ ধরতে পারেনি। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন বলেন, ১৯৮৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাছগুলো রোপণ করে। গাছ চুরির বিষয়ে পুলিশ প্রশাসনকে একাধিকবার অবহিত করা হয়েছে। থানায় ডায়েরিও করা আছে। এতে কোনো কাজ হয় না। অবশেষে গাছ চুরি ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের উৎসাহিত করা হয় এবং চোর ধরতে পারলে এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ২ মে রাতে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের বাসুদেবপুর গ্রামের পাশে একদল চোর চারটি গাছ কেটে দুটি রিকশাভ্যানে করে নিয়ে যাচ্ছিল। এ সময় বাসুদেবপুর গ্রামের দুজন নারী (এলজিইডি দপ্তরের সড়ক সংস্কার, গাছ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়াজিত) মাহমুদা খাতুন ও জুলেখা খাতুন গাছ চুরির সংবাদ পেয়ে সাহসিকতার সঙ্গে একটি রিকশাভ্যানসহ দুজন চোরকে হাতেনাতে আটক করে চিৎকার শুরু করে। এরপর গ্রামবাসী জড়ো হয়ে আটক চোরদের পুলিশে দেয়। ধৃত চোরেরা হলো ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মোজাফফর হোসেনের পুত্র মতিয়ার রহমান (৩৫) ও একই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে রেজাউল আলম (২৫)। পরদিন ৩ মে সকালে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোসলেম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ আটক চোরদের জেলহাজতে পাঠিয়ে দেয়। মাহমুদা খাতুন বলেন, ‘সড়কের ধারে প্রতি রাতেই মূল্যবান মেহগনি ও নিমগাছগুলো চুরি হয়। বড় বড় গাছ প্রায় শেষ হয়ে গেছে। অফিসের মোসলেম স্যার চোর ধরার ব্যাপারে গ্রামবাসীর সহযোগিতা ও পুরস্কার দিতে চেয়েছিলেন। ২ মে গভীর রাতে গাছ কাটার শব্দ শুনে আমরা দুজন (এলজিইডির নারী কর্মী) সাহস করে একটি ভ্যান আটক করে চিৎকার করি। এরপর গ্রামবাসী মিলে দুজন চোরকে ধরেছি।’ আটক চোরদের পুলিশের হাতে তুলে দিতে চাইলে এ সময় চোরেরা বলে, ‘পুলিশে দিয়ে লাভ নেই, গাছ চুরির ভাগের টাকা পুলিশও নেয়।’ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা মেহেদুল ইসলাম ও আবুল কালাম আজাদ বলেন, ফুলবাড়ী থেকে চিন্তামন মোড় পর্যন্ত আট কিলোমিটার এলাকায় প্রায় দুই শতাধিক মূল্যবান গাছ চুরি হয়ে গেছে। চোরেরা প্রতি রাতেই গাছগুলো কেটে নিয়ে যায়। গত দেড় মাসে প্রায় দেড় শ গাছ চুরি হয়ে গেছে। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সড়কে পুলিশ রাত সাড়ে ১০টা পর্যন্ত টহল দেয়। সম্ভবত এ সময়ের মধ্যে সড়কের গাছ চুরি হয় না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী নতুন এসেছেন। তিনি বলেন, অভিযোগের সত্যতা থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।