ফুলবাড়ীতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সড়ক অবরোধ
দিনাজপুরের ফুলবাড়ী সড়কের ঢাকা মোড় এলাকায় আজ সোমবার এক ঘণ্টা সড়ক অবরোধ করে তেল-গ্যাস-খনিজ সম্পদ, বিদ্যুত্ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি। অবরোধ চলাকালে দিনাজপুর, রংপুর ও গবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ফুলবাড়ী ও বড়পুকুরিয়াকে উন্মুক্ত খনি করার ষড়যন্ত্র, বড়পুকুরিয়ায় জমি অধিগ্রহণের জরিপ কাজে বাধা দেওয়ায় স্থানীয় জনগণের নামে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলা প্রত্যাহার, ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির দুটি কার্যালয় সরিয়ে নেওয়া ও বড়পুকুরিয়ায় আমন ফসলের ক্ষতিপূরণের দাবিতে তারা আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। আগামী ২৭ মার্চের মধ্যে এসব দাবি পূরণ না হলে ২৮ মার্চ সকালে ছয় ঘণ্টার জন্য রেলপথ ও রাজপথ অবরোধ করবে কমিটি। তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম ওরফে জুয়েলের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য রাগীব আহসান মুন্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন প্রমুখ।