ফুলবাড়ীতে নদীর বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ত্রিমুহনী সেতুর কোলঘেঁষে অবাধে বালু তুলে বিক্রি করা হচ্ছে। সেতুর কাছ থেকে বালু তোলায় গত বছর বর্ষা মৌসুমে সেতুর উত্তর অংশে (প্রায় ২০ মিটার) সড়ক ভেঙে গিয়েছিল। প্রায় দেড় মাস আগে সেতুটি সংস্কার করা হয়েছে। এ বছরও একই জায়গা থেকে বালু তোলা হচ্ছে। এলজিইডির দপ্তর থেকে সেতুর পাশ থেকে বালু তুলতে নিষেধ করা সত্ত্বেও সংশ্লিষ্ট ইজারাদারেরা বালু তোলা অব্যাহত রেখেছেন। আশঙ্কা করা হচ্ছে, এ বছরও সেতুটি হুমকিতে পড়বে।উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন বলেন, ‘শিবনগর ইউনিয়ন ও পার্বতীপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ ওই সেতুর ওপর দিয়ে চলাচল করে। গুরুত্বপূর্ণ ওই সেতুর কাছ থেকে বালু তোলায় গত বছর সেতুটির উত্তর দিকের কিছুটা অংশ ভেঙে গিয়েছিল। অনেক চেষ্টার পর ছয় লাখ টাকা খরচ করে সেতুটি সংস্কার করা হয়েছে। এ বছরও একই অবস্থা। সামনে বর্ষায় সেতুটি ফের হুমকিতে পড়বে। সেতুর কাছ থেকে বালু তুলতে নিষেধ করার পরও ইজারাদার কথা শোনেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। এতেও কোনো কাজ হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে কেউ ব্যবস্থা না নিলে কী করার আছে আমাদের?’উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দপ্তর সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক দপ্তর থেকে ফুলবাড়ী বালুমহাল ডাক দেওয়া হয়েছে। বৈশাখ মাস থেকে শুরু করে এক বছরের জন্য শিবনগর ইউনিয়নের নির্ধারিত (সায়রাতভুক্ত) পাঁচটি দাগে আমডুঙ্গিহাট, বেলতলি ও ত্রিমুহনী নামক তিনটি স্থানে বালুমহালের ইজারা দেওয়া হয়েছে। নির্ধারিত সীমানার বাইরে সেতুর পাশে এবং জনগণের ক্ষতি হয়—এমন স্থান থেকে ইজারাদার কখনো বালু তুলতে পারবেন না বলে শর্তে উল্লেখ আছে।জানা গেছে, বালুমহাল ইজারাদারেরা গত বছর প্রতি ট্র্যাক্টর বালির জমা ৩০ থেকে ৫০ টাকা করে নিয়েছেন। এ বছর বাড়িয়ে প্রতি ট্রাক্টর বালির জমা ৭০ টাকা করে নেওয়া হচ্ছে। মাহমুদ আলম লিটনের লাইসেন্স দিয়ে স্থানীয় পাঁচ যুবক এ বছর ওই বালুমহাল ইজারা নিয়েছেন। ইজারাদারের এক অংশীদার মো. জামান বলেন, গত বছরের চেয়ে এ বছর নদীর ডাক বেশি হয়েছে, তাই বালুর জমা বেশি নেওয়া হচ্ছে। ডাকের নির্ধারিত স্থানের বাইরে বালু তোলার বিষয়ে বলেন, মাঝেমধ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় পার্শ্ববর্তী স্থান থেকে বালু তোলা হয়।সরেজমিনে ১৩ মে দুপুরে দেখা গেছে, ফুলবাড়ী-শিবনগর সড়কে ত্রিমুহনী সেতুর কাছে (প্রায় ২০ মিটার দূরে) ৮ থেকে ১০টি ট্রাক্টর বালুভর্তি করছে। ট্রাক্টরের চালকেরা জানান, নদীর অন্য জায়গায় পানি উঠেছে, তাই ইজারাদার এখান থেকে বালু নিতে বলেছেন। কয়েকজন ট্র্যাক্টরচালক জানান, নদীর পাড় কেটে বালু তোলায় পার্শ্ববর্তী জমির মালিকেরা প্রতিদিনই ঝগড়াবিবাদ করেন। প্রতিদিন কমপক্ষে ২০০ গাড়ি বালু নদী থেকে তোলা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম সারোয়ার হোসেন বলেন, বালুমহাল ইজারা-সংক্রান্ত বিষয়গুলো সরাসরি জেলা প্রশাসন থেকে দেওয়া হয়। যতটুকু জানি, নির্ধারিত স্থানের বাইরে ইজারাদার কখনো বালু তুলতে পারবেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, নদী শাসন ও বালুমহাল-সংক্রান্ত বিষয়গুলোর জন্য সরকারের সুনির্দিষ্ট বিধিবিধান নেই। এ কারণে বিভিন্ন স্থানে বালুমহাল নিয়ে সংঘাত হচ্ছে।