ফুলবাড়ীতে বাস-ট্রাক টার্মিনাল নেই!
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক দাঁড়ানোর নির্দিষ্ট কোন জায়গা না থাকায় শহরের প্রধান সড়কে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকে। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। পৌর কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিবছর বাজেটে টার্মিনাল তৈরির জন্য বরাদ্দ রাখা হয়, কিন্ত সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয় না।শহরের অবকাশ সিনেমা হলের সামনে, মাদিলা সড়ক (বটতলা) মোড়, ফুলবাড়ী সেতুর পূর্বপাশে, হানিফ কাউন্টারের সামনে, বড়পুকুরিয়া খনি সড়ক, নীমতলা মোড়, সোনালী ব্যাংকের সামনে, ঢাকা মোড়, রংপুর সড়ক ও রেলগুমটিতে যাত্রীবাহী বাসগুলোর স্ট্যান্ড। এ ছাড়াও দূরপাল্লার যাত্রীবাহী কোচগুলো উর্বশী সিনেমা হলের সামনের সড়কে ওপর দাঁড়ায়। সরেজমিন দেখা গেছে, শহরের প্রধান সড়কগুলোর কাছে প্রায় চারটি ট্রাকলরি বন্দোবস্তের অফিস আছে। ট্রাকলরিগুলো ওই অফিসগুলোর সামনের সড়কে এলামেলোভাবে দাঁড়িয়ে থাকে। ট্রাকলরি বন্দোবস্ত শ্রমিক ইউনিয়নের এক নেতা জানান, পৌরসভার পক্ষ থেকে ট্রাকগুলো রাখার নির্দিষ্ট কোন জায়গা আজও দেওয়া হয়নি। এরপরও পৌর কর্তৃপক্ষ ট্রাক শহরে টুকলেই চাঁদা নেয়। স্থায়ী ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ট্রাকলরিগুলো সড়কের ওপরই রাখতে হচ্ছে। ফুলবাড়ী সেতুর পূর্বপাশে রিকশা-ভ্যান চলাচলের জন্য বিকল্প সড়ক আছে। ওই সড়ক দখল করে ভাড়ায়চালিত মাইক্রোবাস ও প্রাইভেটকারের স্ট্যান্ড করা হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাড়িগুলো সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। মাদিলা সড়কে সরকারি কলেজ গেটের ধারে টেম্পু ও ভটভটির স্ট্যান্ড। স্থানীয় চা বিক্রেতা বকুল জানায়, এখানে যানজট নিয়ে প্রতিদিনই টেম্পু ও ভটভটির চালকদের সঙ্গে পথচারিদের বিবাদ সৃষ্টি হয়। ঢাকা মোড়ে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের ওপর টেম্পু, ভটভটি, নছিমন ও করিমনের স্ট্যান্ড। ওই স্কুলের শিক্ষক মো. আবদুল আজিজ বাবু বলেন, গাড়িগুলোর উত্পাতে শিক্ষার্থীদের সমস্যা হয়। সকালে স্কুল শুরু ও বিকেলে ছুটির সময় শিক্ষার্থীদের নিয়ে টেনশনে থাকতে হয়। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। ফুলবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ মো. মহসীন আলী সরকার জানান, ‘স্থায়ী টার্মিনাল না থাকায় যাত্রীবাহী বাসগুলো সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাতে বাধ্য হচ্ছে। এতে যানজট ও দুর্ঘটনা ঘটার আশংকাও থাকে। কিন্তু চালকদের উপায় নেই। এখান থেকে সরাসরি দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য নির্ধারিত গাড়ি আছে। আমাদের দুর্ভাগ্য, স্থায়ী টার্মিনাল করা হচ্ছে না। এতে যাত্রীদেরও অসুবিধা হচ্ছে।’ পৌরসভার মেয়র মো. শাহজাহান আলী সরকার বলেন, বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুত্ কেন্দ্র, মধ্যপাড়া কঠিন শিলা ও ব্যবসা-বাণিজ্য সব দিক থেকে ফুলবাড়ীর গুরুত্ব যথেষ্ট। অনেক অনুন্নত উপজেলায় টার্মিনাল করা হয়েছে। এখানে টার্মিনাল তৈরির বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবছর পৌরসভার বাজেটের মাধ্যমে সরকারকে অবহিত করা হয়। কিন্ত সরকারের তরফ থেকে সাড়া পাওয়া যায় না। স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজারকে বিষয়টি সম্পর্কে জানানোর পর তিনি চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন।