ফুলবাড়ীতে রেল ও সড়ক পথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত আমন ফসলের ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর সড়ক ও রেলপথ ৪৮ ঘণ্টার জন্য অবরোধ করে রেখেছে ফুলবাড়ী ও বড়পুকুরিয়া আঞ্চলিক শাখা তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ বুধবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার ৪৮ ঘণ্টা পরও সমস্যার সমাধান না হওয়ায় এ নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কমিটির অন্য দুটি দাবি হলো আন্দোলনকারীদের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের অপতত্পরতা বন্ধ করা। আন্দোলনকারীরা খনি এলাকার সামনের সড়কে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করছে এবং ফুলবাড়ী-পার্বতীপুর রেললাইনের ওপর গাছ কেটে ব্যারিকেড দেওয়া হয়েছে। ফলে পার্বতীপুরে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন, খুলনাগামী রকেট মেইল আটকা পড়েছে। ফুলবাড়ী থানাসহ ছয় থানার সমন্বয়ক আমিনুল ইসলাম জানান, ক্ষতিপূরণসহ তিন দফা দাবির বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা-কর্মচারীদের ৪৮ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে খনি কর্তৃপক্ষ বা প্রশাসনের কেউ আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই ন্যায্য দাবি আদায়ের জন্য ৪৮ ঘণ্টার এ নতুন কর্মসূচি দেওয়া হয়েছে।