ফুলবাড়ীবাসীর একমাত্র পরিবহন ভটভটি আর অটোরিকশা
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ২৫ কিলোমিটার পাকা রাস্তায় এখন বিদ্যুৎচালিত অটোরিকশা ও শ্যালো মেশিনচালিত ভটভটিই উপজেলাবাসীর একমাত্র পরিবহন হয়ে উঠেছে। সরেজমিনে গিয়ে খোঁজখবর নিয়ে এবং যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকে এ উপজেলায় বসবাসকারী মানুষের ভটভটি ও অটোরিকশাই একমাত্র ভরসা। এ যান দুটি আলাদা রাস্তায় চলাচল করছে। ফুলবাড়ী থেকে পাশের উপজেলা নাগেশ্বরীতে ১৮টি ভটভটি ও ফুলবাড়ী থেকে বালারহাটের রাস্তায় ২৬টি বিদ্যুৎচালিত অটোরিকশা চলাচল করছে। তবে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী পর্যন্ত রাস্তা খারাপ হওয়ায় এই পথে অটোরিকশা চালানো যায় না। ভটভটির চেইনমাস্টার নুর আলম জানান, দুই থেকে তিনবার ফুলবাড়ী থেকে নাগেশ্বরীর মধ্যে বাস চলাচল শুরু হয়ে বন্ধ হওয়ার পরই ভটভটির মালিকেরা এই রাস্তায় ভটভটি চালানোর সিদ্ধান্ত নেন।উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরের গংগারহাট এলাকার মোহন লাল উপজেলা পরিষদের প্রবেশপথে জুতা মেরামতের কাজ করেন। নিয়মিত আসেন ভটভটিতে। মোহন লাল আক্ষেপ করে বলেন, ‘আগত বাস আছিল, বাসোত করি আইসা-যাওয়া করচি। এল্যা বাস নাই। ভটভটিত যাওয়া-আইসা করি। হামারগুলার কতা না হয় বাদ দিলোং, যায় (যারা) বড় বড় মানুষ তায় (তারা) তো হামাক নিয়াও ভাবে না, নিজের কতা ভাবি যে বাস চলাচলের বেবস্থা (ব্যবস্থা) কইরবে তাও করে না। মানষ্যের জন্যে আর মানুষ নাই দাদা!’একই এলাকার একরামুল হক (৩০) বলেন, ‘রাস্তা ভাঙা তাই ভটভটিতে যেতে ভয় করে। কিন্তু কোনো উপায় নেই। যানবাহন বলতে তো ভটভটি। ফুলবাড়ীবাসীর যে এমন আরও কত ভুগতে হবে, কে জানে!’উপজেলার আজোয়াটারির স্কুলশিক্ষক রেজাউল ইসলাম জানান, প্রতিদিন শত শত মানুষের মতো তাকেও পোহাতে হয় ভটভটির যন্ত্রণা। তিনি বলেন, ‘বাস না থাকায় সাধারণ মানুষের জন্য ভটভটি খুবই সহায়ক। কিন্তু পরিবেশের জন্য সুখকর নয়।’বালারহাটের ব্যবসায়ী রেজাউল ইসলাম বাবু বলেন, ‘আটোরিকশায় চলাচল করায় রিকশার চেয়ে খরচ কম হয়। রিকশায় ভাড়া ৩০ টাকা আর অটোরিকশায় ১০ টাকা। আমাদের জন্য এটা বেশ সাশ্রয়ী!’ একই এলাকার সুদীপ্ত পলাশ বলেন, ‘ অটোরিকশায় রিকশার চেয়ে সময়ও কম লাগে, চড়েও আরাম পাওয়া যায়।’ গত সপ্তাহে প্রশিক্ষণ শেষ করেছেন উপজেলার বালাহাট এলাকার লিলিমা বেগম। তিনি তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘এক মাসের প্রশিক্ষণের জন্য প্রতিদিন বালারহাট থেকে ফুলবাড়ীতে যাতায়াত করি অটোরিকশায়। খরচও কম, শব্দ নেই, আর তাড়াতাড়ি যাতায়াত করা যায়। কিন্তু ভয় লাগে উল্টে যায় কি না।’ভটভটিচালক এনামুল ও রাজ্জাক জানান, রাস্তা খারাপ হওয়ায় সময় বেশি লাগে, ভাড়াও বেশি। রাস্তা ভালো হলে নাগেশ্বরী যেতে সময় লাগবে এক ঘণ্টা, অথচ এখন লাগে প্রায় দুই ঘণ্টা। তিনি স্বীকার করেন, ‘রাস্তা ভাঙা হওয়ায় মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটে।’অটোরিকশাচালক মোনাই চন্দ্র বলেন, ‘একেকটা অটো ইক্সার (রিকশা) দাম এক থেকে সোয়া লাখ টাকা। প্রতিদিন ইক্সায় ১৬০ কিলোমিটার আাাস্তা যাওয়া-আইসা করা যায়। এর বেশি যাওয়া যায় না। দিনে আয় হয় ৩০০-৪০০ টাকা। অটো ইক্সা চালিয়ে হামার পরিবারের ভরণ-পোষণ চলি যায়।’যোগাযোগ করা হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রব্বানী বলেন, ‘বাস না থাকায় সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে।’