ফুলমণির লেইস ফিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলমণির বয়স ১০ বছর। এবারের ঈদ মৌসুমে সে লেইস ফিতার একটা দোকান দিয়েছে তেজগাঁও রেললাইনের পাশে। তার মা বেগম ধারকর্জ করে আট হাজার টাকা দিয়ে এই দোকান করে দিয়েছেন। প্রায় ২৫ দিন ধরে দোকানদারি করছে ফুলমণি। ওর দোকানের বেশির ভাগ ক্রেতা হচ্ছে তৈরি পোশাক কারখানার কর্মীরা। সকাল আর বিকেলেই বেচাবিক্রি হয় বেশি।লেইস, ফিতা, টিপের মতো অনেক জিনিস ঈদ উপলক্ষে বিক্রি হয়ে যায়। কোনটা কি দামে বিক্রি হয়, জানতে চাইলে ফুলমণি এক গোছা চুড়ি দেখায়। তারপর বলে, এক গোছায় চুড়ি থাকে ২৪টি। ২০ টাকা বিক্রি করলে চার টাকা লাভ হয়। লিপস্টিক ১০ থেকে ৪০ টাকা দামের পর্যন্ত আছে তার দোকানে। ১০ টাকার জিনিস বিক্রি করলে দুই টাকা লাভ থাকে। সিটি গোল্ডের গলার চেইন ৫০ টাকায় বিক্রি করলে পাঁচ টাকা লাভ থাকে। খোঁপা বাঁধার ‘কাঁকড়া’ ১৬ টাকায় কেনা, বিক্রি হয় ২০ টাকায়। মেহেদি ২৬ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করা হয়। ১০ টাকার মেহেদিও আছে ফুলমণির কাছে। বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে সে জানায়, এবার পাথর বসানো টিপটাই সবচেয়ে বেশি চলছে। মেহেদি, লিপস্টিক, নেইল পলিশের পাশাপাশি চুড়ি, ফিতাও ভালো চলছে।বেচতে বেচতে একবার মাল শেষ হয়েছে ফুলমণির। ফুলমণির মা তাই আবার চার হাজার টাকা নিয়ে চকবাজার থেকে মাল এনেছেন। মা আর দুই ভাইকে নিয়ে ফুলমণিরা থাকে বেগুনবাড়ি বস্তিতে। তাদের ঘর ভাড়া এক হাজার ২০০ টাকা দিতে হয়। তার মা তিন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। ফুলমণির বড় ভাই রাসেল মানসিক প্রতিবন্ধী, বয়স ১২ বছর। তার ছোট ভাই হোসেন, বয়স আট বছর। ফুলমণি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত তেজগাঁও প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে। এখন ভাইদের পালতে বাসায়ই থাকতে হয়। রান্নাবান্নাও করতে হয় তাকে। প্রতিবন্ধী ভাইকে রোজ খাওয়াতে হয়, গোসল করিয়ে দিতে হয় ফুলমণিকে। তাকে চোখে চোখে রাখতে হয় প্রায় সারাক্ষণই। এ পর্যন্ত ও কয়েকবার হারিয়েও গেছে। এই ভয়ে ফুলমণি তার দোকানের আশপাশে রাসেলকে বসিয়ে রাখে। অবসরে ফুলমণি টিভিতে সিনেমা দেখে। তার প্রিয় নায়ক সাকিব খান, নায়িকা মৌসুমী। একবার কারওয়ান বাজারের পূর্ণিমা হলে গিয়ে সিনেমাও দেখেছে। ফুলমণি শিশুপার্কে গেছে দুবার। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যাওয়ার খুব শখ ওর। কিন্তু দারোয়ান ঢুকতে দেয় না। ফুলমণির গ্রামের বাড়ি ভোলার তজিমুদ্দিন উপজেলার দক্ষিণ কালাসার। গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় এসেছে ওরা প্রায় সাত বছর আগে। ফুলমণির বাবার নাম কফিলুদ্দিন। আগে ফুলমণিদের সঙ্গেই থাকতেন। তিন বছর আগে আরেকটা বিয়ে করে এখন তিনি আগারগাঁও বিএনপি বস্তিতে থাকেন।