ফুলে ফুলে অন্তিম শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে মাটির জন্য একদা সংগ্রাম করেছিলেন, সেই মাটিতেই তিনি হেমন্তের বেলাশেষে শায়িত হলেন চিরনিদ্রায়। গতকাল রোববার দেশের কৃতী সন্তান অধ্যাপক খান সারওয়ার মুরশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রচনা করা হয় অন্তিম শয্যা।এর আগে গতকাল দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এবং কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষ দেশের শিক্ষাবিস্তার ও রাষ্ট্রভাষা আন্দোলন থেকে ’৬৯-এর গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জীবিতকালে না ‘একুশে’, না ‘স্বাধীনতা’—রাষ্ট্রীয় কোনো সম্মাননা পাননি এই নিভৃতচারী। চিরবিদায়ের পর দাবি উঠল তাঁকে স্বাধীনতা পদক দেওয়ার। গত শনিবার বিকেলে তিনি ৮৮ বছর বয়সে মারা যান।গতকাল দিনের প্রথম ভাগে রাজধানী ছিল প্রায় যানশূন্য। ফলে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে নির্ধারিত সময়ের পরিবর্তন করা হয়েছিল। সকালে অ্যাপোলো হাসপাতালের হিমঘর থেকে মরদেহ আনা হয়েছিল তাঁর গুলশানের বাড়িতে। দুপুর ১২টার দিকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধুর সঙ্গে অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ঘনিষ্ঠতা, ছয় দফা প্রণয়নসহ পরে স্বাধীন দেশের উন্নয়ন পরিকল্পনায় বঙ্গবন্ধুকে দেওয়া পরামর্শ ও মুক্তিযুদ্ধে অবদানের কথা স্মরণ করেন। এরপর গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়।বেলা দুইটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে আনা হয় খান সারওয়ার মুরশিদকে। এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ শিক্ষকেরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখান থেকে তাঁকে আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এর পর শুরু হয় ফুলে ফুলে শ্রদ্ধা জানানো। বিকেলের বিষণ্ন আলোয় ভারাক্রান্ত মনে সর্বস্তরের মানুষ তাঁর নশ্বর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। যানবাহনের স্বল্পতা সত্ত্বেও মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, শিল্পী-সাহিত্যিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব এবং ব্যক্তিগতভাবে অসংখ্য গুণগ্রাহী এসেছিলেন তাঁদের প্রিয় মানুষটিকে অন্তিম বিদায় জানাতে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয় তাঁকে। এ ছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।রাজনীতিকদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিচারণা করে বলেন, ‘৬৯-এর উত্তাল দিনগুলোতে আমরা যখন ছাত্রসংগ্রাম কমিটি করি, তখন তিনি পরামর্শ দেওয়াসহ নানাভাবে সাহায্য করেছেন। এমনকি আর্থিকভাবেও সহায়তা করেছেন। রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক বিষয়ে বঙ্গবন্ধু তাঁর পরামর্শ গ্রহণ করতেন।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সিপিবির পক্ষে মুজাহিদুল ইসলাম সেলিম, গণ-ঐক্যের পঙ্কজ ভট্টাচার্য, বাসদের খালেকুজ্জামান, গণফোরাম ও ড. কামাল হোসেনের পক্ষে মোস্তফা মহসিন প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান শ্রদ্ধা নিবেদন করে তাঁকে এ বছর স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানান। নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘তিনি জাতির সব সংকটে এগিয়ে এসেছেন। তাঁর কাছে গেলে পাওয়া গেছে মূল্যবান পরামর্শ। এ ধরনের মানুষের অভাব পূরণ হবার নয়।’ আসাদুজ্জামান নূর বলেন, ‘তিনি নিজে অগ্রসর ছিলেন, এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন সবাইকে।’ ব্যক্তিগত পর্যায়ে আরও যাঁরা শ্রদ্ধা জানিয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক আনিসুর রহমান, আবদুল মান্নান ও মুহাম্মদ সামাদ, শিল্পী হাশেম খান, রফিকুন নবী ও শিশির ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান প্রমুখ। সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছায়ানট, গ্রাম থিয়েটার ফেডারেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আইন ও সালিশ কেন্দ্র, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, বিটিভি, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন।শ্রদ্ধা নিবেদনের পর মরহুমের বড় ছেলে খান আহমেদ সাঈদ মুরশিদ বলেন, ‘আজ দুপুরে প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে গিয়ে বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আমাদের সান্ত্বনা দিয়েছেন। তাঁর প্রতি আমরা পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জানাই। আর যানবাহনের স্বল্পতা সত্ত্বেও এত মানুষ শ্রদ্ধা এখানে জানাতে এসেছেন, এটা আমাদের অভিভূত করেছে। আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলের কাছে আমার বাবার জন্য দোয়া কামনা করি।’সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ মিনার প্রাঙ্গণে এ শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করেছিল। পরিবারের পক্ষে জোটকেও ধন্যবাদ জানানো হয়। শ্রদ্ধা নিবেদন পর্বটি সঞ্চালনা করেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ সমাপনী বক্তব্যে সমাগত শোকাহত নাগরিকদের এই কৃতবিদ্য শিক্ষাবিদ, জাতির গৌরবময় আন্দোলন-সংগ্রামের অগ্রপথিকের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শুধু শ্রেণীকক্ষেই তিনি পাঠদান করেননি, তাঁর শিক্ষাদান পরিব্যাপ্ত হয়েছিল মাঠে-ময়দানেও। তাঁর অবদান জাতির ইতিহাসের অংশে পরিণত হয়েছে। এরপর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।শহীদ মিনার থেকে মরদেহ আনা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ আসর দ্বিতীয় জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সূর্য তখন অস্তাচলে। পরম মমতায় প্রিয়জনেরা তাঁকে শায়িত করেন মাটির শয্যায়।