ঝলমলে রোদ্দুর। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের উত্তর-পশ্চিমে মাটির ঘরে চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়া। ফুলে ফুলে ঢেকে গেল কবর। ঘড়িতে তখন বেলা পৌনে তিনটা।সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ফুলগুলো শিল্পীর কফিনে রেখে বিনম্র শ্রদ্ধা ও নিখাদ ভালোবাসা নিবেদন করা হয়েছিল। আগের সিদ্ধান্তমতো গতকাল শুক্রবার সকাল ১০টায় বারডেমের হিমঘর থেকে মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা নিবেদনের জন্য। নির্বস্তুক চিত্রকলাচর্চার প্রবর্তক এই চিত্রশিল্পীর কফিন সেখানে রাখা হয় প্রায় দুই ঘণ্টা। মরদেহ আনার আগে থেকেই তাঁর অনুরাগী, অনুসারী, সহকর্মী ও ছাত্র এবং সাংস্কৃতিক কর্মীরা বিষণ্ন মনে অপেক্ষা করছিলেন।মোহাম্মদ কিবরিয়া দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগভোগের পর ৮২ বছর বয়সে গত মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। মরদেহ হিমঘরে রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী ছোট ছেলে জুনের কিবরিয়ার আসার অপেক্ষায়। গতকাল কফিনের পাশে ছিলেন শিল্পীর স্ত্রী আনজুম কিবরিয়া, বড় ছেলে নাশরিদ ও ছোট ছেলে জুনের।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই কর্মকর্তা শহীদ মিনারে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সংস্কৃতি মন্ত্রণালয়, জাপান দূতাবাসের পক্ষ থেকে অর্পণ করা হয় পুষ্পস্তবক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, গণসাক্ষরতা অভিযানের পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশ্ব আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সম্পাদক হাসান আরিফ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।ব্যক্তিগতভাবে যাঁরা শ্রদ্ধা নিবেদন করেন, তাঁদের মধ্যে আছেন বিশিষ্ট কলাসমালোচক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, আলী যাকের, নাসিমুন আরা হক, খুশী কবির, কলকাতা থেকে আসা অধ্যাপক স্বপন মজুমদার ও নিপেন সাহা।শিল্পীদের মধ্যে ছিলেন কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শহীদ কবির, মাহমুদুল হক, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, আবদুস সাত্তার, রেজাউল করিম, রোকেয়া সুলতানা, মোহাম্মদ ইউনুস, নিসার হোসেন, শেখ আফজাল, শামসুদ্দোহা, শিশির ভট্টাচার্য্য, স্বপন চৌধুরী, মনিরুজ্জামান, রণজিৎ দাস, কাজী রাকিব, আইভি জামান, আবদুস সামাদ (টেলিসামাদ), রফি হক, আনিসুজ্জামান, জয়া শাহরীন, মোহাম্মদ ফখরুল ইসলাম, গৌতম চক্রবর্তী, আশরাফুল আলমসহ অনেক অনুসারী ও ছাত্রছাত্রী।শ্রদ্ধা জানানো সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে ছিল—ঢাকা আর্ট সেন্টার, সাজু আর্ট গ্যালারি, প্রথম আলো, জাতীয় জাদুঘর, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, গণসংগীত সমন্বয় পরিষদ, প্রামাণ্যচিত্র সংসদ, ছায়ানট, উদীচী শিল্পীগোষ্ঠী, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, ঢাকা থিয়েটার, বেঙ্গল ফাউন্ডেশন, আঁতেলিয়ে-৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সমগীত সাংস্কৃতিক অঙ্গন, গ্রুপ থিয়েটার ফেডারেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, স্বাধীনতা চারুশিল্পী সংসদ।শ্রদ্ধা নিবেদন পর্বে ধারাবর্ণনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। পুষ্পস্তবক অর্পণের পর শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।প্রয়াত শিল্পী ও শিল্প-শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাঝে বিশিষ্টজনেরা তাঁর কর্মের মূল্যায়ন, ব্যক্তিজীবন ও সান্নিধ্যের স্মৃতিচারণা করেন অল্পকথায়। তাঁদের মধ্যে ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শহীদ কবির, নজরুল ইসলাম, টেলিসামাদ প্রমুখ। প্রথম আলোর কাছেও প্রতিক্রিয়া জানান আরও অনেকে। তাঁরা কেউ বললেন, মোহাম্মদ কিবরিয়া ছিলেন নির্লোভ, সাদাসিধা জীবনাচরণের মৃদুভাষী আত্মনিমগ্ন মানুষ। বিনয়ী ও সুরসিক। তিনি শিল্পচর্চাকেই জীবনের একমাত্র ধ্যানজ্ঞান হিসেবে গ্রহণ করেছিলেন। কর্মের মূল্যায়ন করে তাঁরা বললেন, দেশে নির্বস্তুক চিত্রকলার পথিকৃৎ ছিলেন তিনি। জনপ্রিয় করে তুলেছিলেন এই ধারার কাজ। বললেন, ছাত্রদের তিনি তিরস্কার করতেন না, কোনো কিছু চাপিয়ে দিতেন না। যথার্থ পরামর্শ দিয়ে শিল্পের সূক্ষ্ম ও জটিল বিষয়গুলোকে অনুধাবন ও উপলব্ধি করতে পারঙ্গম করে তুলতেন, প্রেরণা জোগাতেন। শিল্পভুবনে তিনি একটি দৃষ্টান্ত। তাঁর তিরোধানে যে শূন্যতা হলো, তা পূরণ কঠিন। তবে তাঁর কাজ এখন আরও উজ্জ্বল হয়ে উঠবে, অনুপ্রাণিত করবে পরবর্তীকালের শিল্পীদের।শহীদ মিনার থেকে দুপুর ১২টায় মরদেহ নেওয়া হয় তাঁর দীর্ঘকালের কর্মক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এখানে শিক্ষক-শিক্ষার্থীরা নিবেদন করেন তাঁদের অন্তিম শ্রদ্ধা। এরপর জানাজার জন্য মরদেহ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জুমা জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় শিল্পীকে।নাগরিক শোকসভা: শহীদ মিনারে ঘোষণা করা হয়, ১৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় মোহাম্মদ কিবরিয়া স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।