ফুলের নাম চম্পা-পারুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ষড়্ঋতুর পালাক্রমে অসংখ্য দৃষ্টিনন্দন ও সুগন্ধি ফুলের দেখা মেলে। এরই এক উল্লেখযোগ্য অংশজুড়ে রয়েছে চম্পা-পারুল নামের ফুলগুলো। সাত ভাই চম্পা ও একটি বোন পারুলের মতোই বাংলাদেশে চম্পা (চাঁপা) নামের ফুলের সংখ্যা অনেক, কিন্তু পারুল নামের ফুলের সংখ্যা একটি বা দুটি। চাঁপা নামের ফুলের মধ্যে আছে: স্বর্ণচাঁপা, দুলিচাঁপা, হিমচাঁপা, জুহুরিচাঁপা, কাঁঠালিচাঁপা, দোলনচাঁপা, ভূঁইচাঁপা, সুলতানচাঁপা, কনকচাঁপা, গুরুরচাঁপা বা গোলকচাঁপা ও মনচাঁপা। এ ছাড়া মুসকন্দকে কাঠচাঁপা ও সুগন্ধবচকে পুণ্যাগচাঁপা নামেও ডাকা হয়।পারুল নামের ফুল: চাঁপা ফুলের মতো পারুল ফুল নামের উদ্ভিদের তালিকা এত দীর্ঘ নয়। একটি গোত্রের মাত্র একটি গণের দুটি প্রজাতি পারুল নামে পরিচিত। এ নিয়েও আবার কিছুটা বিতর্ক আছে, এমনকি বাংলাদেশে পারুল ফুল আছে কি নেই, তা নিয়েও রয়েছে প্রশ্ন।পারুল নিয়ে প্রথম লেখাটি প্রকাশিত হয় ২০০৯ সালের ১০ জুলাই প্রথম আলোয়। শিরোনাম ছিল ‘দেখা মিলেছে পারুলের’। লিখেছিলেন নওয়াজেশ আহমদ। বগুড়ার সোনাতলা থেকে একটি ডাল এনে আমাকে শনাক্ত করতে দিয়েছিলেন। সংগ্রহের চার-পাঁচ দিন পর নমুনাটি যখন আমার হাতে পৌঁছায়, তখন ফুল প্রায় বিনষ্ট, গলে গেছে। এর বর্ণ বা গন্ধ বোঝার কোনো উপায় নেই। নমুনা থেকে পাতা ও ফুলের গঠন এবং বর্ণ ও গন্ধ সম্বন্ধে নওয়াজেশ সাহেবের ভাষ্য মিলিয়ে শনাক্ত করে দিই—এটি পারুল।এর অনেক পরে মোকাররম সাহেব ফোন করে জানালেন, তিনি একটি উদ্ভিদের নমুনা পাঠিয়েছেন শনাক্তকরণের জন্য। এবারের নমুনাটি অপেক্ষাকৃত তাজা। আমার সহকর্মীরা (ড. জসিম ও ড. অলিউর) এটিকে শনাক্ত করলেন Stereospermum Chelonoides বলে। এই নমুনাও বগুড়ার সোনাতলা থেকেই তিনি এনেছেন। এটি পীত-পারুল (ফুল হলুদ বলে) বা আটকপালী নামে পরিচিত। চট্টগ্রাম অঞ্চলে এটি ধারমারা নামে পরিচিত। এই প্রতিবেদনও তিনি প্রথম আলোয় প্রকাশ করেছেন। এর ফলে প্রশ্ন জেগেছে, সোনাতলার সেই গাছটি পারুল, নাকি ধারমারা। এই বিতর্কের অবসানের জন্য একটু বৈজ্ঞানিক বিশ্লেষণের দরকার। Bignoniacea গোত্রের অন্তর্গত Stereospermum গণের দুটি প্রজাতির উল্লেখ আছে David Prain-এর Bengal Plants বইতে। এর একটি হলো S. chelonoides এবং অপরটি S. suaveolens। প্রথমটি পাওয়া যায় উত্তরবঙ্গ ও চট্টগ্রামে; দ্বিতীয়টি পাওয়া যায় উত্তরবঙ্গ, ছোট নাগপুর, বিহার ও পশ্চিমবঙ্গে।S. chelonoides-এর পাপড়ি-নল গোলাপি, নলখণ্ড হলুদ, পত্রক মসৃণ, মঞ্জরিদণ্ডের শাখা-প্রশাখা মসৃণ এবং ফুল এক ইঞ্চি থেকে ছোট। একে বাংলায় পীত পারুল, আটকপালী, ধারমারা (চট্টগ্রামের আঞ্চলিক নাম), হিন্দিতে পারাল, আসামিজ ভাষায় পারুলী বলা হয়।S. suaveolens-এর পাপড়ি পার্পল, পত্রক কচি অবস্থায় রোমযুক্ত, মঞ্জরিদণ্ডের শাখা-প্রশাখা রোমযুক্ত, ফুল এক ইঞ্চি থেকে কিঞ্চিৎ বড়। একে বলা হয় পারুল, হিন্দিতে পারাল।সম্প্রতি বগুড়ার সোনাতলার একটি নমুনা (গত ১৬ মে, ২০১১ তারিখে) পরীক্ষা করে দেখা যায়, এর পত্রক (কচি পত্রক ছিল না) শিরা রোমযুক্ত, মঞ্জরিদণ্ডের শাখা-প্রশাখা রোমযুক্ত, ফুল হলুদ, এক ইঞ্চির সামান্য কম। অর্থাৎ বগুড়ার নমুনাটির বৈশিষ্ট্য ওপরে উল্লিখিত দুটি প্রজাতির মিশ্র বৈশিষ্ট্যযুক্ত। শ্রেণীবিন্যাস বিদ্যায় কোনো কাছাকাছি দুটি প্রজাতির মাঝামাঝি বৈশিষ্ট্যের নমুনার উপস্থিতি প্রজাতি দুটিকে একীভূত করার দিকে তাগিদ দেয়। সম্ভবত এ কারণেই বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম থেকে প্রকাশিত (১৯৮৬) Plant Names of Bangladesh বইতে দুটি প্রজাতিকে একীভূত করে Stereospermum Chelonoides (সমনাম S. suaveolens) উপস্থাপন করা হয়েছে, যার বাংলা নাম বলা হয়েছে পারুলজাতা, ধারমারা, আটকপালী, পারুল ইত্যাদি। এই তথ্য অনুযায়ী পারুল ও ধারমারা একই বৃক্ষ, যদিও ফুলের বর্ণে পার্থক্য বিরাজমান। এখানে উল্লেখ, কেবল ফুলের বর্ণের পার্থক্য পৃথক প্রজাতি নির্দেশ করে না, যেমন—নয়নতারা ফুল বেগুনি রঙের হতে পারে আবার সাদা রঙেরও হতে পারে। করবী ফুল লালও হতে পারে আবার সাদাও হতে পারে।কাজেই দেখা যায়, একীভূত অবস্থায় উভয়টিই পারুল নামে অভিহিত এবং পৃথক প্রজাতি হিসেবে চিহ্নিত করলেও বাংলায় উভয়টিকে পারুল বলা হয়।বগুড়ার নমুনাটি আজ থেকে শতবর্ষ আগে মেদিনীপুরের খড়কপুর থেকে পারুল হিসেবে এনেই লাগানো হয়েছিল এবং নমুনাটি উভয় প্রজাতির মিশ্র বৈশিষ্ট্যবাহী। কাজেই এটিকে পারুল বলতে কোনো দ্বিধা নেই, ইচ্ছে করলে আপনি ধারমারাও বলতে পারেন। ফুলভিত্তিক এটি পারুল, কাঠের ব্যবহারভিত্তিক এটি ধারমারা।লেখক: অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।