রাজার খ্যাতি যতই থাকুক বসন্তের, অন্তত একটি বিষয়ে অনায়াসে তার সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে শীত। শীতের নিন্দা অনেক। সে প্রকৃতিকে রিক্ত, রুক্ষ করে তোলে। মৃত্যুর মতো হিমশীতল স্পর্শ বুলিয়ে দেয় সর্বত্র। দিকচক্রবাল আচ্ছাদিত করে রাখে ঘনঘোর কুয়াশা—কোনো বৃদ্ধি নেই, কোনো প্রাণস্পন্দন নেই; কুঁকড়ে রাখে জীবজগেক। এমনই অনেক দোষ তার, অমূলকও নয়! কিন্তু এসব সত্ত্বেও একবার তাকান বাগানের দিকে, চট করে নজর ফেরানো একটু মুশকিলই হবে—পাপড়িতে শিশিরবিন্দু জমে থাকা ঢলঢল গোলাপ, ডালিয়া, মল্লিকাগুচ্ছ থেকে। রবীন্দ্রসংগীতের ভক্ত যাঁরা মুগ্ধ হয়ে শ্রবণানন্দ উপভোগ করেন ‘আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি/ তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি’ গানে, একবার ভেবে দেখুন, শীত যদি না ফোটাত অমন মল্লিকাগুচ্ছ, তবে কী করে শোনা যেত এমন মধুর সংগীত। অশোকে, পলাশে, শিমুলে বসন্তের বিপুল বৈভবের সঙ্গে একমাত্র শীতই পারে তার গোলাপ, গাঁদা, ডালিয়া, মল্লিকাদের নিয়ে পাল্লা দিতে। শুধু এই চতুষ্টয়ে সীমিত নয় শীতের সঞ্চয়। শীতের ফুলের মধ্যে পুষ্পরানি গোলাপের সঙ্গে অপর ত্রয়ীর নাম প্রথমে এলেও তার পারিষদের সংখ্যা আরও অনেক। আগুন রাঙা সালভিয়া, নানা রঙের কসমস, দীর্ঘ গ্রীবা উঁচিয়ে থাকা দীপ্তিমান ক্যালেন্ডুলা, নির্মল হসির মতো উচ্ছ্বসিত জারবেরা, হরেক রঙের জিনিয়া, কমলা-বেগুনি আস্টার, নীলাম্বরী লুপিং, বেগুনির মধ্যে সাদা ফোঁটা দেওয়া ফ্লক্স, ভারবেনা, তাদের সঙ্গে শুভ্রবসনা রজনীগন্ধা, গোলাপি-সাদা-বেগুনি গ্লাডিওলাস, মল্লিকার মতো দেখতে কলিয়ান্ডা তো আছেই। এ ছাড়া শীতের ফুলের মধ্যে আছে লাল ও গোলাপি রঙের হলিহক, ঘণ্টাকৃতির এন্টারহেনাম প্রভৃতি। এ ছাড়া শীত ও বর্ষায় ফোটে স্থলপদ্ম; গোলাপি রং, দেখতেও অনেকটা গোলাপের মতোই। লতানো উদ্ভিদের মধ্যে লতাপারুল এখন ভরে উঠেছে ফিকে বেগুনি রঙের অজস্র ফুলে। সব মিলিয়েই শীতের ফুলের সংখ্যা দিন দিন বাড়ছে বৈ কমছে না। নতুন নতুন প্রজাতির সংযোজন চলছে। শীতের এসব বেশির ভাগ ফুলের অবশ্য আদি নিবাস আমাদের দেশে নয়। তবে অনেকদিন থেকেই আমাদের দেশে এসব ফুলের চাষ ব্যাপকভাবে হয়ে আসছে। সারা দেশেই পুষ্পানুরাগীরা বাগানে অথবা টবে এসব ফুলের চাষ করছেন। জনপ্রিয় হয়ে উঠেছে ফুলগুলো। এগুলোকে আর বিদেশি বলেও মনে হয় না। শীতের বাগানে গেলে নানা জাতের নানা রঙের ফুলের সমারোহে মনে পড়বে কবির সেই গানটি, ‘ফুলের বনে যার কাছে যাই তারেই লাগে ভালো।’ফুলের দোকানগুলোতে গেলেও বোঝা যায় শীতের ফুলের প্রাচুর্য, তার রং-রূপের বিপুল বৈচিত্র্য। কৃষিতে উন্নত প্রযুক্তির কল্যাণে এক গোলাপেরই এখন হরেক রকমের আকার-আকৃতি, অনেক রকম রং। একচিমটি মিনিয়েচার থেকে থাবার সমান হাইব্রিড-টি। ডালিয়া বা মল্লিকার বেলাতেও তাই। সূর্যমুখীকেও এখন আকারে, আয়তনে হারিয়ে দিতে পারে ডালিয়ারা। গাঁদা বা মল্লিকা একেকটিই একটি পুষ্পস্তবকের মতো। অনেকে আক্ষেপ করতে পারেন রঙের বাহার, রূপের জেল্লা খোলতাই হয়েছে বটে, তবে আগের মতো আর গন্ধ নেই ফুলে! সে দায়ভার তো আর ফুলের নয়, তাদের ওপর যাঁরা কৃেকৗশল খাটাতে গেছেন দায়দায়িত্ব বর্তায় তাঁদের ওপরই। এ তো গেল বাগানে সযতন পরিচর্যায় ফোটানো ফুলের কথা। শীতে মাঠের শোভাও অনন্য। শীতে দিগন্ত ছুঁয়ে থাকা মাঠ সরিষা ফুলে ফুলে হলুদ না হয়ে ওঠে যদি, তাহলে কি আর বাংলার রূপ পরিপূর্ণতা পায়! ইদানীং তো বাণিজ্যিক মধু আহরণের প্রধান উত্সই এই সরিষা ফুল। শীত সেই মধু সঞ্চিত করছে তার অন্তরে। সরিষাকে সঙ্গ দিচ্ছে তিলের উজ্জ্বল কমলা পুষ্পরাশি। মাচানে মাচানে বেগুনি রঙের ফুলেরা দুলছে শিমের লতায়। বনে বনে নিভৃতে ফুটে আছে নাম না জানা অদেখা আরও কত কত ফুল! কাজেই বসন্তের ফুলের গর্ব খর্ব করার মতো উপযুক্ত অর্ঘ্যেই মালঞ্চ ভরিয়ে দিয়েছে হাড় কাঁপানো শীত। এমন কুহেলিকাময় শীতে কাননে কাননে এত বর্ণাঢ্য নয়নাভিরাম পুষ্পশোভা বড়ই বৈপরীত্যময় বলে মনে হয়। প্রকৃতির রহস্য অপার! সে রহস্য আমরা যত না জেনেছি, তার ওপর অত্যাচারীর খড়্গ-কৃপাণ হেনে চলেছি তারও চেয়ে ঢের বেশি।