ফুলেশ্বরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তাগাছার জমিদার ব্রজেন্দ্রনারায়ণ আচার্য চৌধুরী শিকার ও শিকারী নামে একটি বই লিখেছিলেন। এই বই থেকেই জানতে পারি, ব্রজেনবাবুরা সেই ১৯১০-৩০-এর দশকগুলোয় পূজার ছুটিতে ইয়ারবন্ধু মিলে গোটা দশেক হাতি নিয়ে সিলেটসহ আসামের বিভিন্ন এলাকায় শিকারে যেতেন। ব্রজেন্দ্রনারায়ণ লিখেছেন, ডোরাকাটা বাঘ ছাড়া আরও দুই ধরনের বাঘ তাঁরা শিকার করতেন। একটি প্রজাতি গুলবাঘ বা তারা বাঘ (চিতা বাঘ), অন্যটি তখনো দুষ্প্রাপ্য—আসামের ঘন জঙ্গলের গেছো বাঘ। নাম তার ফুলেশ্বরী।পরবর্তীকালে প্ল্যান্টার প্রকৃতিবিদ ইপিগির ষাটের দশকে লেখা ওয়াইল্ড অ্যানিমেলস অব ইন্ডিয়া বইটিতে পূর্ব ভারতের জঙ্গলের clouded leopard নামের যে বন্য বিড়ালটির বর্ণনা দিয়েছেন, তার সঙ্গে ফুলেশ্বরী বাঘের বর্ণনা মিলে যায়। পরে প্রাণীটি ঢাকা চিড়িয়াখানায় দেখতে পাই।বিভিন্ন বাঙালি লেখকের লেখায় এই প্রাণীকে বলা হয়েছে লাম চিতা বা মেঘলা চিতা। লাম চিতা নামটি এসেছে নেপালি ভাষার ‘লাম চিতোয়া’ নাম থেকে। আর মেঘলা চিতা নাম স্পষ্টতই ইংরেজি ক্লাউডেড লেপার্ডের বঙ্গানুবাদ। অনেক অদ্ভুত ইংরেজি নামের মতো ‘ক্লাউডেড’ নামটিও যথোপযুক্ত হয়নি। মাঝারি জাতের এই বাঘের পিঠের দিকে জলপাই হলুদের ওপর গাঢ় বাদামি লম্বাটে গোলাকার বড় বড় চাকতির মতো রয়েছে, যেটা ইংরেজদের কল্পনায় ‘মেঘের ছোপ’। মুখে ও পায়ে কালো ছোপ রয়েছে। এ ছাড়া লেজে কালো ছোপ অথবা বলয় দেখা যায়। পেটের দিকটা সাদাটে। এই প্রাণী যে একেবারে গেছো, তা এর দেহের গড়ন দেখেই বোঝা যায়। বেশ শক্তপোক্ত। ১৮ থেকে ২৯ কেজি ওজনের (পুরুষ) ফুলেশ্বরীর দৈর্ঘ্য মাথা থেকে লেজের গোড়া পর্যন্ত ৯৫ থেকে ১২০ সেন্টিমিটার হতে পারে। পুরুষ্টু লেজটি ৭৫ থেকে ৮৫ সেন্টিমিটার হয়। গাছের ডালে হাঁটাচলায় লেজ ভারসাম্য রক্ষার কাজে লাগে। দেহের তুলনায় মাথা বেশ বড়। থাবাও বড়। কিন্তু শক্তিশালী হাত-পাগুলো অপেক্ষাকৃত বেঁটে।বিড়াল গোত্রের সংখ্যা ৩৬টি, কারও মতে ৩৭টি। কয়েক বছর আগে জাপানে পাওয়া একটি বিড়ালকে প্রজাতি হিসেবে উল্লেখ করা হয়েছিল। বর্তমানে বিজ্ঞানীরা এটিকে চিতা বিড়ালের উপপ্রজাতি প্রমাণ করেছেন। প্রজাতির মধ্যে বাঘ, সিংহ, জাগুয়ার, চিতা বাঘ ও তুষার চিতাকে বড় বিড়াল Panthera গণের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রাণীগুলো আকারে বড় এবং এরা গর্জন করতে পারে। বাকি বিড়ালগুলো আকারে মধ্যম থেকে ছোট এবং তারা ফ্যাঁচ ফ্যাঁচ, হিসহিস অথবা অন্য নানা রকমের শব্দে ডাকাডাকি করতে পারে। এগুলো Felis গণের অন্তর্ভুক্ত। কিন্তু ঝামেলা বাধিয়েছে Felidae পরিবারের দুটি প্রজাতি। একটি হলো আফ্রিকান চিতা (ভারতীয় ও পারসিক চিতা নিশ্চিহ্ন হয়ে গেছে)। এটি অনেকটা কুকুর প্রজাতির কাছাকাছি। বৈজ্ঞানিক নাম তাই হয়েছে Acinonyx jubatus. অন্যটি হলো ফুলেশ্বরী, বৈজ্ঞানিক নাম Neofelis nebulosa. ফুলেশ্বরীর মধ্যে বড় বিড়াল, ছোট বিড়াল উভয় গণেরই অল্প-বিস্তর গুণাগুণ রয়েছে। এই প্রজাতিটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এদের ওপরের পাটির দুটি বিশাল শ্বদন্ত। দেহের অনুপাতে অন্য কোনো বিড়ালের এত বড় শ্বদন্ত নেই। ফলে আকারে ছোট হলেও এরা হরিণ, শূকরের মতো বড় প্রাণী মারতে পারে।ফুলেশ্বরী নিশাচর শিকারি। মূলত বৃষ্টিপাতের জঙ্গলের প্রাণী হওয়ায় ঘন জঙ্গলের গাছপালার মাঝের স্তরে চড়ে বেড়ানো ইঁদুর, কাঠবিড়ালি, বানর, পাখিই এদের প্রধান শিকার। তবে গাছ থেকে লাফিয়েও এরা বুনো ছাগল, হরিণ, শূকর শিকার করে। অন্যান্য বিড়াল গাছ থেকে নামার সময় মাথা ওপরের দিক রেখে নখ দিয়ে গাছ আঁকড়ে নামলেও এরা মাথা নিচের দিকে দিয়ে নামতে পারে।নিবিড় বনের ঘন পত্রপল্লবে মিশে থাকা এবং নিশাচর হওয়ার কারণে তাদের সহসা দেখা যায় না। ফুলেশ্বরীর জীবনযাপন ও মিলন-প্রক্রিয়া নিয়ে তেমন পর্যবেক্ষণ নেই। তবে অক্টোবর থেকে জানুয়ারি তাদের মিলনঋতু ধরা হয়। সাধারণত দুটো বাচ্চা দেয়। এরা গাছের খোঁড়ল অথবা পাহাড়ি ফাটলে আঁতুড়ঘর তৈরি করে। যত বন্য বিড়াল দেখেছি তাতে মনে হয়েছে, তাদের মতো মানুষের আদরপ্রত্যাশী বন্ধুভাবাপন্ন বিড়াল আর নেই। খাঁচায় ঢুকেই এই অভিজ্ঞতা। এ কারণেই আসামের অনেক চা-বাগান মালিক-ম্যানেজার ফুলেশ্বরী পুষতেন।বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনে খুবই বিপন্ন অবস্থায় দু-চারটি ফুলেশ্বরী থাকলেও থাকতে পারে। নেপাল থেকে শুরু করে বোর্নিও দ্বীপ পর্যন্ত তাদের বিশ্ববিস্তৃতি।