ফেঞ্চুগঞ্জে নতুন কূপে চারটি স্তরে গ্যাস
ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন খনন করা চার নম্বর কূপে চারটি পৃথক স্তরে গ্যাস পেয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স। এই কূপ থেকে আগামী মাসেই (জুলাই) দৈনিক প্রায় চার কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে প্রবাহিত হবে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ফেঞ্চুগঞ্জের গ্যাস তীব্র জ্বালানি ঘাটতি এলাকা চট্টগ্রামে সরবরাহ করা যাবে, এটাই সবচেয়ে বেশি আশাব্যঞ্জক ব্যাপার। এ ছাড়া এই বছরের শেষ নাগাদ সেমুতাং গ্যাসক্ষেত্র থেকেও চট্টগ্রামে দৈনিক দুই কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা যাবে।ওদিকে বাপেক্সের ত্রিমাত্রিক জরিপ পরিচালনাকারী তরুণ পেশাজীবী দল এক মৌসুমে তিনটি—রশিদপুর, কৈলাসটিলা ও হরিপুর গ্যাসক্ষেত্রে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শেষ করেছে। ওই তিনটি ক্ষেত্রে তারা সর্বমোট ৭৫০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক জরিপ চালিয়েছে। এর মধ্যে ৬৫২ বর্গকিলোমিটার এলাকার তথ্য সংগ্রহ করেছে এক মৌসুমে, যা দেশে কিংবা বিদেশে নজিরবিহীন।এ বিষয়ে জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের যে স্তর থেকে এখন গ্যাস তোলা হচ্ছে, নতুন কূপটিতে সেই স্তর ছাড়াও তিন-চারটি নতুন গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে। এসব স্তর থেকে দৈনিক সাড়ে তিন থেকে চার কোটি ঘনফুট গ্যাস আগামী মাস থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা যাবে। তবে পাইপলাইন ও প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপন করে সেমুতাংয়ের গ্যাস গ্রিডে আনা যেতে পারে এ বছরের শেষ নাগাদ।ত্রিমাত্রিক জরিপ প্রসঙ্গে বাপেক্সের এমডি বলেন, তিনটি ক্ষেত্রের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। সবগুলো ক্ষেত্রেরই আভাস (ইনডিকেশন) ইতিবাচক, অর্থাৎ গ্যাসের মজুদ বাড়বে। রশিদপুর ক্ষেত্রের তথ্য বিশ্লেষণ শুরু করার জন্য জরিপ প্রকল্পের ফরাসি পরামর্শক কোম্পানি সিজিজি ভেরিতাসের বিশেষজ্ঞরা এসেছেন। আগামী আগস্ট মাসে ওই ক্ষেত্রের ফলাফল জানা যাবে। বাকি দুটির ফল এরপর পর্যায়ক্রমে এই বছরের মধ্যে জানা যাবে।তিন বছর পর কূপ: দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলায় জাতীয় জ্বালানিনীতিতে প্রতিবছর তিনটি করে গ্যাস উৎপাদন কূপ খননের প্রয়োজনীয়তার কথা বলা হলেও বাস্তবে দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পরে ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রে চার নম্বর কূপটি খনন করা হলো। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল গ্রামে তিন হাজার ৬০০ মিটার গভীর কূপটি খনন করা হয়েছে বাপেক্সের জন্য কেনা নতুন খননযন্ত্র (রিগ) দিয়ে। এর আগে ২০০৮ সালের মার্চে বাপেক্স ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের দুই নম্বর উত্তোলন কূপটি খনন করেছিল। তার পর থেকে বাপেক্স কিংবা দেশে কর্মরত কোনো বিদেশি কোম্পানি নতুন কোনো উত্তোলন কূপ খনন করেনি। অথচ এই তিন বছরে দেশে গ্যাসের চাহিদা বেড়েছে প্রায় ৫০ কোটি ঘনফুট।ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রটি ১৯৬০ সালে আবিষ্কার করে তৎকালীন পাকিস্তান্র পেট্রোলিয়াম লিমিটেড। ওই বছরই তারা সেখানে প্রায় আড়াই হাজার মিটার গভীর এক নম্বর কূপটি খনন করে। কিন্তু ওই কূপে তারা গ্যাস পায়নি।১৯৮৮ সালে পেট্রোবাংলা চার হাজার ৯৭৭ মিটার গভীরতা পর্যন্ত অনুসন্ধান কূপ খনন করে তিনটি স্তরে (জোন) গ্যাসের সন্ধান পায়। বাপেক্স প্রতিষ্ঠার পর তাদের আরও দুটির সঙ্গে ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রটিরও মালিকানা দেওয়া হয়।বাপেক্স ২০০৪ সালের মে মাসে দুই নম্বর ও ২০০৫ সালের জানুয়ারি মাসে তিন নম্বর কূপ খনন করে গ্যাস উৎপাদন শুরু করে। বর্তমানে ওই দুটি কূপ থেকে দৈনিক প্রায় আড়াই কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। বাপেক্স এ বছরই ওই ক্ষেত্রে আরও একটি (পাঁচ নম্বর) কূপ খনন করবে। ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রে গ্যাসের প্রাথমিক মজুদ নির্ধারণ করা হয়েছিল ৪০৪ বিলিয়ন ঘনফুট (বিসিএফ), যার মধ্যে উত্তোলনযোগ্য মজুদ ধরা হয় ২৮৩ বিসিএফ। তা থেকে এখন পর্যন্ত তোলা হয়েছে ৭৫ বিসিএফ। এখনো ২০৮ বিসিএফ উত্তোলনযোগ্য মজুদ অবশিষ্ট আছে। তা ছাড়া এই ক্ষেত্রের মজুদ পুনর্নির্ধারণ করা হলে উত্তোলনযোগ্য মজুদ আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা।