ফেঞ্চুগঞ্জে ভূমি কার্যালয়ের কোটি টাকার জমি বেহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে উপজেলা ভূমি কার্যালয়ের কোটি টাকার জমি বেহাত হয়ে গেছে। স্থানীয় লোকজন সরকারি জায়গার ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদে নীরব ভূমিকা পালন করছে।ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে উপজেলা ভূমি ও ইউনিয়ন তফসিল অফিস অবস্থিত। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ছত্রিশ মৌজা জেএল নম্বর ৬, দাগ নম্বর ১০০২-এর প্রায় আড়াই একর ভূমি উপজেলা ভূমি অফিসের মালিকানাধীন হলেও ইতিমধ্যে ভূমি অফিসের প্রায় ৫৭ শতক সরকারি সম্পত্তি স্থানীয় প্রভাবশালীরা জোর করে দখল করে নিয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলা ভূমি কার্যালয়ের প্রায় ৫৭ শতক ভূমি স্থানীয় পিঠাইটিকর, ছত্রিশ, বাঘমারা, ইসলামপুর ও উত্তর ইসলামপুর গ্রামের খসরু মিয়া, আনাই মিয়া, জামাল মিয়া, দুলাল মিয়া, রকিব আলী, সুহেল মিয়া, রিপন মিয়া, সাজ উদ্দীন, রেনু মিয়া, সুজন মিয়া, ছাদিক আলী, শাহেদ আহমদ, মাহমুদ আলী, দুদু মিয়া, সবুজ মিয়া, আফজল আলী, ফরমান আলী, মিনার আলী, সেলিম মিয়া, ছবিল মিয়া, হারুন মিয়া অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। জমি দখলকারী পিঠাইটিকর গ্রামের আনাই মিয়া বলেন, ‘সরকারি খালি জেগা পাইয়া ব্যবসা কররাম। এর লাগি কার কিতা অইছে?’ বাঘমারা গ্রামের সুজন মিয়া এ প্রসঙ্গে বলেন, ‘আমরা গরিব মানুষ কুচ্ছু করি তো খাইতে অইবো। সরকার যদি আমরারে বিদায় করি দিলায় আমরা যাইমুগি।’ জানা গেছে, ২০০২ সালের ২ সেপ্টেম্বর বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ৪৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও কিছুদিন পর আবার দখল হয়ে যায় প্রায় ৫৭ শতক সরকারি ভূমি। দখলবাজদের অবৈধ স্থাপনা নির্মাণের কারণে উপজেলা ভূমি অফিসের প্রবেশমুখ এতই সংকুচিত করা হয়েছে যে উপজেলা ভূমি অফিসে জমিসংক্রান্ত সমস্যা নিয়ে ভুক্তভোগীদের যানবাহন নিয়ে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। ভুক্তভোগী আবদুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভূমি অফিসের প্রাঙ্গণ দখল হয়ে হয়ে যাওয়ায় ভূমি অফিসের প্রবেশমুখ সংকুচিত হয়ে গেছে। সরকারি কোটি কোটি টাকার সম্পত্তি রক্ষা করার কেউ কি নেই?’ ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, এটা ঠিক, সরকারি জমি স্থানীয় ব্যক্তিরা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। নদীপথে চলাচলকারী লোকজনের চলাচলে এসব অবৈধ স্থাপনা সমস্যা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। এসব অবৈধ স্থাপনা অপসারণে আগামী আইনশৃংখলা কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করবেন বলে তিনি জানান।কোটি টাকার সরকারি ভূমি অবৈধ দখল প্রসংগে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান জানান, সরকারি ভূমি অবৈধভাবে দখলের ঘটনা প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শিগগির সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।