ফেঞ্চুগঞ্জে হাত বাড়ালেই মাদক
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় লোক দেখানো দু-একটি অভিযান পরিচালনা করলেও মাসোহারার বিনিময়ে পুলিশের ছত্রছায়ায় মাদকের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদকের প্রধান কেন্দ্রস্থল ফেঞ্চুগঞ্জ রেল কলোনিতে পার্শ্ববর্তী বালাগঞ্জ, গোলাপগঞ্জ ও রাজনগর দক্ষিণ সুরমা উপজেলা থেকে মাদকসেবীরা আসে। অভিযোগ রয়েছে, মাদকসেবী আবদুর রহিম রেলওয়ের ভূমি দখল করে ঘর বানিয়েছেন। যে ঘরে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চলে। এখানে পার্শ্ববর্তী উপজেলার জুয়াড়িরা খেলতে আসেন। ফেঞ্চুগঞ্জ থানার ক্যাশিয়ারখ্যাত পুলিশ কনস্টেবল হাতেম আলী গাঁজা বিক্রেতাদের কাছ থেকে প্রতি সপ্তাহে ৫০০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক গাঁজা বিক্রেতা বলেন, ‘থানার ক্যাশিয়ার হাতেম আলী প্রতিদিন সন্ধ্যায় সাদা পোশাকে রেল কলোনিতে আসেন। আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না খোঁজ-খবর নেন।’ সিলেট জেলার মধ্যে ফেনসিডিল ক্রয়ের সবচেয়ে নিরাপদ আস্তানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর এলাকার জাগরণ গুচ্ছগ্রামটি। এ গ্রামের নজম উদ্দীন দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করে লাখ লাখ টাকার মালিক হয়েছেন বলে জানা গেছে। নব্বই দশকে ফেঞ্চুগঞ্জ বাজারের নৈশ প্রহরীর চাকরি ছেড়ে দিয়ে নজম উদ্দীন ফেনসিডিল ব্যবসায় জড়িয়ে পড়েন। উঠতি বয়সী যুবকদের পাশাপাশি রাজনীতিবিদেরাও নজম উদ্দীনের ফেনসিডিল ক্রেতার তালিকায় রয়েছেন। মুঠোফোনে নজম উদ্দীন পরিচিত ব্যক্তি ছাড়া ফেনসিডিল বিষয়ে কথা বলেন না। বিশ্বস্ত ক্রেতাদের সঙ্গে মুঠোফোনে সাংকেতিক ভাষায় কথা বলেন। নিয়মিত ক্রেতা ছাড়া তিনি ফেনসিডিল বিক্রি করেন না। তবে ফেনসিডিল হস্তান্তরে নজম উদ্দীন নারী ও শিশুদের ব্যবহার করেন। কুশিয়ারা নদীর তীরে নজম উদ্দীনের বাড়ি হওয়ায় ফেনসিডিলসেবীরা নৌপথে নিরাপদে নজমের বাড়িতে যাতায়াত করে। পুলিশকে ম্যানেজ করেই নিজের বাড়িতে ফেনসিডিল বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, নজমের মাধ্যমে ফেনসিডিল সিলেট মহানগরসহ বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়। পুলিশের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকার কারণে ভয়ে এলাকার লোকজন ফেনসিডিল ব্যবসার প্রতিবাদ করেন না। এ বিষয়ে ১ নম্বর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শিব্বির আহমদ বলেন, লোকমুখে শুনেছি নজম ফেনসিডিলের ব্যবসা করেন। তবে তাঁর বাড়িতে সব সময় অপরিচিত তরুণদের আসা-যাওয়া লক্ষ করেছি। ফেঞ্চুগঞ্জ থানার সামনেই সুইপার কলোনি অবস্থিত। পরিচ্ছন্ন কর্মীদের জন্য মাসে ১৫ লিটার করে মদ পান করার সাময়িক অনুমতিপত্র দেওয়া হলেও এ কলোনিতে অবাধে চোলাই মদ বিক্রি করা হচ্ছে। পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে সাতজন নারী- পুরুষের মদপানের অনুমতিপত্র থাকলেও তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে গত ৩০ জুলাই। সন্ধ্যার পর এ কলোনিতে বহিরাগত মদ্যপায়ীদের আনাগোনা বেড়ে যায়। ফেঞ্চুগঞ্জের প্রতিটি মাদক স্পট থেকে ক্যাশিয়ারখ্যাত কনস্টেবল হাতেম আলী প্রতি মাসে লাখ টাকা আদায় করেন বলে জানা গেছে। মাদক বিক্রেতারা সময়মতো টাকা পরিশোধ না করলে গ্রেপ্তারের হুমকি দেন কনস্টেবল হাতেম আলী। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল গনি বলেন, ‘থানায় ক্যাশিয়ার বলে কোনো পদ নেই। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশের কোনো লোক টাকা আদায় করে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে। পিঠাইটিকর গ্রামের নজম উদ্দীন ফেনসিডিল বিক্রি করেন এটা আমার জানা নেই। এখন শুনলাম, খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’