ফেঞ্চুগঞ্জে ৬২ কি.মি সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিককালে বন্যার কারণে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ২৯টি সড়কের ৬২ কিলোমিটার কাঁচা, আধাপাকা ও পাকা সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় এ সড়কগুলো দিয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে চলাচলে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে মাসাধিককালের বন্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার অধিকাংশ সড়ক বন্যার পানিতে তলিয়ে যায়। বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ফেঞ্চুগঞ্জ জিসি-ঘিলাছড়া জিসি সড়ক, বিয়ালী বাজার-ব্রাহ্মণ বাজার জিসি সড়ক, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ জিসি সড়ক, মাইজগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়-দক্ষিণ ফেঞ্চুগঞ্জ সড়ক, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, মাইজগাঁও-নয়াবাজার সড়ক, নূরপুর সড়ক, মোগলপুর-ছত্তিশ সড়ক, বিয়ালী বাজার-পাংলা ধারণ মীর্জাপুর সড়ক, মাইজগাঁও-ফেঞ্চুগঞ্জ বাজার সড়ক, সেনের বাজার-খিলপাড়া সড়ক, ইলাশপুর-পূর্ব ইলাশপুর সড়ক, ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন সড়ক, মোমিনছড়া আশিঘর-ঘিলাছড়া সড়ক, উপজেলা পরিষদ-মাইজগাঁও সড়ক, কুতুবপুর-ইলাশপুর সড়ক, সুড়িকান্দি-বেলকোনা সড়ক, পাঠানচক-মুহিদপুর সড়ক, মানিককোনা-সোনাপুর সড়ক, আরএইচডি জুম্মাটিলা সড়ক, কচুয়াবহর সড়ক, শাহমল ঠাকুর সড়ক, চানপুর-মল্লিকপুর সড়ক, মানিককোনা সড়ক, পিঠাইটিকর-গুচ্ছগ্রাম সড়ক, কটালপুর-সোনাপাড়া সড়ক, জুরি-সাইলকান্দি সড়ক, বেলকোনা-জুরি সড়ক, কটালপুর-মুহিদ সড়কগুলোর ৬২ কিলোমিটার সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কুশিয়ারা নদীর তীরবর্তী উপজেলা পরিষদ-ফেঞ্চুগঞ্জ বাজার সড়ক, উপজেলা সদর রাজনপুর সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এ সড়কগুলোতে অসংখ্য খানাখন্দ থাকায় প্রতিদিন যানবাহনগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। বন্যার পানি নেমে যাওয়ার পর এ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে। বিগত বন্যায় উপজেলার অধিকাংশ সড়ক বন্যায় তলিয়ে গেলেও মাইজগাঁও-সার কারখানা সড়কটি বন্যামুক্ত থাকায় বন্যাকালীন সময়ে উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল মাইজগাঁও-সার কারখানা সড়কটি। এ সড়ক দিয়ে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে একটু বৃষ্টি হলেই এসব সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী লতিফা ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, রিকশার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়া করি। সড়ক খারাপ হওয়ার কথা বলে চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। ফেঞ্চুগঞ্জ ১ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিককালের বন্যায় উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। আমার ইউনিয়ন পরিষদের অন্তর্গত বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি।’ সড়ক খারাপ এমন অজুহাতে যানবাহনের চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে তিনি বলেন, লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রিকশার ভাড়া অতিসত্বর নির্ধারণ করা হবে।ফেঞ্চুগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. কামাল উদ্দীন আহমদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার আওতাধীন উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক ও গ্রামীণ সড়কের তালিকা প্রস্তুত করা হয়েছে। বন্যায় উপজেলার ২৯টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।