ফেঞ্চুগঞ্জের নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু
ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন খনন করা ৪ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে গতকাল রোববার দুপুর ১২টার দিকে এই উত্তোলন শুরু করা হয়।জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে যেসব তথ্য পাওয়া গেছে তাতে ফেঞ্চুগঞ্জ একটি সমৃদ্ধ গ্যাসক্ষেত্র বলেই মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা, বর্তমানে গ্যাসের প্রকট ঘাটতি এলাকা চট্টগ্রামে এই গ্যাস সরবরাহ করা যাবে।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক বলেন, ৪ নম্বর কূপটি খননের সময় গত জুন মাসে ক্ষেত্রটির তিনটি আলাদা স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। তিনটি স্তরই সমৃদ্ধ। এর মধ্যে দুই হাজার ২০৮ থেকে দুই হাজার ২৪৯ মিটার গভীরের স্তরটি থেকে উত্তোলন শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে এক কোটি ৭০ লাখ (১৭ মিলিয়ন) ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এখান থেকে দৈনিক সাড়ে তিন থেকে চার কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে তিনি আশা করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রে ২ ও ৩ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় আড়াই কোটি ঘনফুট করে গ্যাস উত্তোলন অব্যাহত আছে। যে স্তর থেকে ওই দুটি কূপের গ্যাস আসছে, নতুন কূপটি খননের সময় সেই স্তর ছাড়াও তিন-চারটি নতুন স্তরে গ্যাস পাওয়া গেছে।এর মধ্যে এক হাজার ৪৩২ থেকে এক হাজার ৪৫০ মিটার গভীরতায় ১৮ মিটার পুরু একটি গ্যাস স্তর রয়েছে। আরও দুটি স্তর রয়েছে দুই হাজার থেকে দুই হাজার ৮০ মিটার গভীরতার মধ্যে। আর যে স্তরটি থেকে উত্তোলন শুরু করা হয়েছে, সেটি দুই হাজার ২০৮ থেকে দুই হাজার ২৪৮ মিটার গভীরতায়।সূত্র জানায়, পরীক্ষামূলক উত্তোলনের জন্য ৪৮ মিটার পুরু ওই তৃতীয় স্তরটির মাত্র ছয় মিটারে ছিদ্র (পারপোরেশন) করা হয়েছে। শিগগিরই আরও ১২ মিটারে ছিদ্র করা হবে। তাতে গ্যাস উত্তোলন দৈনিক সাড়ে তিন থেকে চার কোটি ঘনফুটে উন্নীত হতে পারে।ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপটি খনন করা হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল গ্রামে। তিন হাজার ৬০০ মিটার গভীর এই কূপটি খনন করা হয়েছে বাপেক্সের জন্য নতুন কেনা খননযন্ত্র (রিগ) ‘বিজয়-১০’ দিয়ে। এই রিগটি এখন পাঠানো হবে বাপেক্সের নতুন আবিষ্কৃত সুনেত্র গ্যাসক্ষেত্রে।ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রটি ১৯৬০ সালে আবিষ্কার করে তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড। ওই বছরই তারা সেখানে প্রায় আড়াই হাজার মিটার গভীর ১ নম্বর কূপটি খনন করে। কিন্তু ওই কূপে তখন কোনো গ্যাস পাওয়া যায়নি।১৯৮৮ সালে পেট্রোবাংলা চার হাজার ৯৭৭ মিটার গভীরতা পর্যন্ত অনুসন্ধান কূপ খনন করে তিনটি স্তরে গ্যাসের সন্ধান পায়। বাপেক্স প্রতিষ্ঠার পর তাদের আরও দুটির সঙ্গে ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রটিরও মালিকানা দেওয়া হয়।বাপেক্স ২০০৪ সালের মে মাসে ২ নম্বর ও ২০০৫ সালের জানুয়ারি মাসে ৩ নম্বর কূপ খনন করে গ্যাস উত্তোলন শুরু করে। বর্তমানে ওই দুটি কূপ থেকে দৈনিক প্রায় আড়াই কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। বাপেক্স এ বছরই ওই ক্ষেত্রে আরও একটি (৫ নম্বর) কূপ খনন করবে।ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রে গ্যাসের প্রাথমিক মজুদ নির্ধারণ করা হয়েছিল ৪০৪ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এর মধ্যে উত্তোলনযোগ্য মজুদ ধরা হয়েছিল ২৮৩ বিসিএফ। তা থেকে এখন পর্যন্ত তোলা হয়েছে ৭৬ বিসিএফের মতো। এখনো ২০৭ বিসিএফের মতো উত্তোলনযোগ্য মজুদ ক্ষেত্রটিতে অবশিষ্ট আছে। তবে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে মজুদ পুনর্নির্ধারণ করা হলে ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রের উত্তোলনযোগ্য মজুদ আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা।