ফেদেরার এবং মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার ফেদেরারের সঙ্গে যে এর আগে একবার দেখা হয়েছিল, সেটি দেখি তিনি বেমালুম ভুলে গেছেন! তা যেতেই পারেন। সেদিন তাঁর মনের অবস্থা একদমই সুবিধার ছিল না। প্রায় অজেয় একটা ভাবমূর্তি নিয়ে এসেছিলেন ২০০৪ এথেন্স অলিম্পিকে। স্বপ্ন ছিল সোনা জেতার, অথচ দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন কোথাকার কোন টমাস বার্ডিচের কাছে!অন্য কোনো একটা ভেন্যু থেকে ফেদেরারের খেলা দেখব বলেই হন্তদন্ত হয়ে ছুটে গিয়েছিলাম। প্রেসবক্সে গিয়ে বসতে বসতে দেখি, বার্ডিচের ম্যাচ পয়েন্টের খেলা হচ্ছে! শুধু ফেদেরারকে কাছ থেকে দেখব বলেই তাঁর সংবাদ সম্মেলনে গিয়েছিলাম। সংবাদ সম্মেলন শেষে ফেদেরার যখন বেরিয়ে যাচ্ছেন, তখন হাতও মেলালাম।গত পরশু রজার ফেদেরারের আরেকটি সংবাদ সম্মেলনে বসে আট বছর আগের সেই স্মৃতি মনে পড়ল। ফেদেরারের তা মনে নেই কীভাবে বুঝলাম, জানেন? আমি যখন একটা প্রশ্ন করলাম, তাঁর মুখে পরিচিতির কোনো চিহ্ন ফুটল না। থাক, অনেক ফাজলামো হয়েছে। কোথাকার কোন সাংবাদিক, তাঁর সঙ্গে দেখা হওয়ার স্মৃতি মনে রাখতে ফেদেরারের বয়েই গেছে!তবে শুধু ফাজলামো করে হলেও কথাটা বলার বোধ হয় একটা কারণ আছে। সংবাদ সম্মেলনের ফেদেরার এমনই সহজ, এমনই বিনয়ী, এমনই প্রসন্ন মুখ যে মনে হলো, ‘আমাকে মনে আছে কি না’—এই অবান্তর প্রশ্ন করলেও হয়তো ভদ্রতাসূচক একটা উত্তরই দিতেন। খেলোয়াড় হিসেবে কত বড়—এই আলোচনা অনেক দিনই হচ্ছে, ভবিষ্যতেও আরও বহু দিন হতে থাকবে। মানুষ হিসেবেও কত বড়, সেটিও আসলে একই রকম আলোচনার বিষয়। হয়তো বা তা নয়। এই প্রশ্নের উত্তর যে মীমাংসিতই। কোর্টে ও কোর্টের বাইরের ফেদেরার মিলিয়ে এমনই নিষ্কলঙ্ক প্যাকেজ যে শুধু টেনিস নয়, অন্য খেলায়ও এর তুলনা খুঁজে পাওয়া ভার।পরশুই কেমন জয় করে নিলেন সাংবাদিকদের! সংবাদ সম্মেলন শুরুর কথা ছিল বিকেল সাড়ে পাঁচটায়। মিনিট পাঁচেক আগে জানানো হলো, এটি ছয়টায় পিছিয়ে গেছে। বিশাল সংবাদ সম্মেলনকক্ষের প্রতিটি আসন পূর্ণ। ফেদেরারের জন্য অপেক্ষা আর শেষই হয় না। শেষ পর্যন্ত ফেদেরার এলেন সাড়ে ছয়টারও পরে। সাংবাদিকেরা অপেক্ষা করতে করতে একটু বিরক্ত তো হয়েছিলেনই, কিন্তু সংবাদ সম্মেলন শেষ হতে হতে সেই বিরক্তি উধাও। সেটির বদলে মুগ্ধতা। এত সুন্দর করে কথা বলেন! অবান্তর প্রশ্নেও বিরক্তির প্রকাশ নেই। সবচেয়ে বড় কথা, এত বড় তারকা, অথচ মুহূর্তের জন্যও মনে হলো না, সংবাদ সম্মেলনটাকে তিনি উটকো ঝামেলা মনে করছেন; বরং এমন আন্তরিকভাবে সব প্রশ্নের উত্তর দিলেন যে যেন এর ওপর তাঁর ক্যারিয়ারের ভালো-মন্দ নির্ভর করছে!লিখতে লিখতে বারবার নিজেকে জিজ্ঞেস করছি, ফেদেরারের ভক্ত বলে এমন মনে হচ্ছে না তো! বাংলাদেশের অন্য সাংবাদিকদের সঙ্গে মিলিয়ে দেখলাম। তাঁরাও একই রকম মন্ত্রমুগ্ধ। একজন তো ফেদেরারের সঙ্গে ছবি তোলার ইচ্ছা পূরণ হলো না দেখে টেবিলে ‘রজার ফেদেরার’ লেখা কার্ডটা পেছনে নিয়ে ছবি তুলে রাখলেন।সাংবাদিকেরা সচরাচর কারও ফ্যান হিসেবে নিজের পরিচয় দেন না। পরশু এরও ব্যতিক্রম হলো। স্পেনের এক সাংবাদিক নিজেকে ফেদেরারের ফ্যান পরিচয় দিয়ে প্রশ্ন করলেন, অলিম্পিকে এককের সোনা জিতলে ফেদেরার অবসর নেবেন কি না। ফেদেরার হেসে বললেন, ‘আপনি না আমার ফ্যান, তাহলে আমাকে থামিয়ে দিতে চাইছেন কেন?’ ফেদেরার হয়তো ভুল বুঝেছেন, এমনও তো হতে পারে ওই স্প্যানিশ সাংবাদিক ‘ভয়’ থেকে প্রশ্নটা করেছেন—ফেদেরার আবার ‘সব পাওয়া গেছে’র আনন্দে বিদায় বলে দেবেন না তো!জগতে কারও জায়গাই খালি থাকে না। কিন্তু ফেদেরারের মতো কেউ আর টেনিসে আসবে কি না সন্দেহ জাগে। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জিতেছেন, সর্বকালের সেরা বলে প্রায় মেনেই নিয়েছে সবাই—এসবও ফেদেরারের শ্রেষ্ঠত্বের প্রমাণ। কিন্তু তাঁর খেলা দেখার যে আনন্দ, তাঁর র‌্যাকেটে যে রেশমি পরশ, ফেদেরারের আসল মহিমা তো সেখানে। সে জাদুতে আচ্ছন্ন হয়ে আছি সেই শুরু থেকেই।ওই স্প্যানিশ সাংবাদিকের মতো নিজেকেও তাই প্রকাশ্য সংবাদ সম্মেলনে ফেদেরারের ফ্যান বলে ঘোষণা করতে একটুও বাধল না। একটা অবশ্য কারণ ছিল। যে প্রশ্নটা করতে যাচ্ছি, সেটি গ্রেট প্লেয়ারদের অহমে লাগার মতো, ‘এই অলিম্পিকে সবচেয়ে বড় তারকা কে—উসাইন বোল্ট, মাইকেল ফেল্প্স, না রজার ফেদেরার?’ ফেদেরার এমন সুন্দর উত্তর দিলেন যে মনে হলো, আশঙ্কা অমূলকই ছিল। প্রথমেই বলে দিলেন, ‘আমি নই।’ কেন, ফেদেরার কম কিসে? সেই উত্তরও দিলেন, ‘এখানে আরও কত গ্রেট অলিম্পিয়ান আছেন, কতজন কত পদক জিতেছেন।’ তাঁদের কারও চেয়ে কি কম বিখ্যাত ফেদেরার? সেই দাবিও ছেড়ে দিয়ে বললেন, সেটি হয়তো হবেন উসাইন বোল্ট ও মাইকেল ফেল্প্স বা এনবিএর কোনো তারকা।ফেদেরারের মতো জায়গায় পৌঁছে কজন এমন বলতে পারেন!