ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের গুড়িপাড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে ৯৫৪ বোতল ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশের তিনজন কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে ওই তিন কনস্টেবলের পক্ষে সাফাই গাইতে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান ভুয়া সিসি (অভিযানের আদেশনামা) নিয়ে ভোর চারটার দিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হাজির হন বলে অভিযোগ উঠেছে।গ্রেপ্তার হওয়া তিন কনস্টেবল হলেন: সিদ্দিকুর রহমান, আ. সামাদ ও লালন মাহমুদ। এ ঘটনায় অটোরিকশাচালক সাইফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্বাহী হাকিম আলমগীর কবিরের নেতৃত্বে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) রাজশাহীর উপপরিচালক কামরুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে নগরের গুড়িপাড়া এলাকায় একটি অটোরিকশার গতিরোধ করেন। ওই অটোরিকশা থেকে ৯৫৪ বোতল ফেনসিডিলসহ তিন যাত্রীকে আটক করা হয়। যাত্রীরা নিজেদের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল বলে পরিচয় দেন। তাঁরা অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করেন বলেও দাবি করেন। এ সময় অভিযানকারী কর্মকর্তারা তাঁদের কাছে অভিযানের পক্ষে সিসি দেখতে চান। সিসি দেখাতে না পারায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অটোরিকশার চালক সাইফুলকেও গ্রেপ্তার করা হয়। সাইফুল জানান, তাঁর বাড়ি নগরের মতিহার থানার গুয়াবাসনি এলাকায়। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি মতিহার থানা এলাকা থেকে তাঁর অটোরিকশা ভাড়া নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী সদর ‘এ’ সার্কেলের পরিদর্শক ভূপতি বর্মণ তাঁদের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার ভোর চারটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তোফাজ্জল হোসেন খান আটক কনস্টেবলদের অভিযান-সংক্রান্ত একটি সিসি নিয়ে তাঁর কাছে যান। কিন্তু তাতে সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ছিল না। নম্বরের জায়গা ফাঁকা ছিল। ভূপতি বর্মণ বলেন, ‘নিয়ম অনুযায়ী কোনো অভিযানে যাওয়ার আগে জিডি করতে হয়। সেই জিডির নম্বরসংবলিত সিসি নিয়ে অভিযানে যেতে হয়।’ তিনি বলেন, ‘বোঝাই যাচ্ছিল, এটা একটা সাজানো সিসি কপি।’ ভূপতি জানান, এসব অসংগতির ব্যাপারে গ্রেপ্তার হওয়া তিনজন কনস্টেবল ও সংশ্লিষ্ট ওসি কোনো সদুত্তর দিতে পারেননি।’ ভূপতি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মতিহার থানার টাঙ্গন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করে। কিন্তু সেগুলো মতিহার থানায় জমা দেয়নি। গোয়েন্দা পুলিশের কার্যালয়েও জমা দেয়নি। ধারণা করা হচ্ছে, ফেনসিডিলের বোতলগুলো কোনো ব্যবসায়ীকে দিতে যাচ্ছিলেন তাঁরা। এ ব্যাপারে জানতে মুঠোফোনে তোফাজ্জল হোসেন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ বলেন, ‘এ ব্যাপারে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’