ফেনসিডিলসহ গ্রেপ্তার মেজর চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে গত ১৫ জুলাই ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া মেজর রেজা শাহ মোহাম্মদ জিলুল্লাহকে চাকরিচ্যুত করা হয়েছে।আজ মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সামরিক আদালতে মেজর রেজার বিচার হয়। বিচারে তাঁকে বেসামরিক কারাগারে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, সেই সঙ্গে চাকরিচ্যুত করা হয়।মেজর রেজা ব্যক্তিস্বার্থে চাকরির নিয়ম উপেক্ষা করে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য ফেনসিডিল বহনের মতো ঘৃণ্য অপরাধ করেছেন।প্রসঙ্গত, গত ১৫ জুলাই পুলিশ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকার একটি ব্যক্তিগত গাড়ি থেকে ৭৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঢাকা সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল কোরের (ইএমই) মেজর রেজা এবং তাঁর নিকটাত্মীয় রাজশাহীর বিনোদপুর এলাকার আবু সাদাত মোহাম্মদ মিলনকে গ্রেপ্তার করে।রাতেই মেজর রেজাকে বগুড়া সেনানিবাসের মিলিটারি পুলিশের (এমপি) কাছে হস্তান্তর করা হয়। পরে এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজউদ্দীন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।