ফেনসিডিলসহ মেজর গ্রেপ্তার
ফেনসিডিলসহ সেনাবাহিনীর একজন মেজরকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের মধুখালী থানার পুলিশ। গত রোববার রাতে মধুখালী রেলগেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া সেনা কর্মকর্তার নাম মেজর শিব্বির আহমেদ (৩৮)। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ট্রেনিং ব্যাটালিয়ন), চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। তাঁর পরিচয়পত্র নম্বর: ৯৯০৪৯০৩। বাড়ি ঢাকার ২৯৭, পশ্চিম নাখালপাড়ায়। এ ব্যাপারে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন।এসআই বিপুল চন্দ্র দে জানান, রোববার রাতে তিনি খবর পান, বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের এক যাত্রীর কাছে ফেনসিডিল আছে। রাত সাড়ে নয়টার দিকে তাঁর নেতৃত্বে টহল পুলিশের একটি দল মধুখালী রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় বি-১ আসনে বসা মেজর শিব্বির অস্বাভাবিক আচরণ করলে পুলিশ তাঁর হাতে থাকা ব্যাগ থেকে তিন বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে ফেনসিডিলসহ মেজর শিব্বিরকে মধুখালী থানায় নেওয়া হয়।এসআই বিপুল জানান, গ্রেপ্তারের পর মেজর শিব্বির জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ২৭ দিন আগে ভারতে গিয়েছিলেন। গত রোববার তিনি ভারত থেকে বেনাপোলে এসে এক হাজার ২০০ টাকা দিয়ে চার বোতল ফেনসিডিল কেনেন। সেখানে এক বোতল পান করে তিন বোতল ফেনসিডিল ছোট ব্যাগে ভরে গাড়িতে বসেন। এসআই আরও জানান, সেনা কর্মকর্তা স্বীকার করেছেন যে ওষুধ হিসেবে তিনি ফেনসিডিল কেনেননি। এমনি খাওয়ার জন্য কিনেছিলেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক প্রথম আলোকে জানান, ফেনসিডিলসহ মেজর শিব্বিরকে গ্রেপ্তারের খবর পেয়ে গতকাল সোমবার ভোরে যশোর সেনানিবাসের মিলিটারি পুলিশ (এমপি) থানায় এসে শিব্বিরকে তাদের জিম্মায় নিয়ে যায়।পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধজনিত কারণে সেনাবাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তা গ্রেপ্তার হলে সেনা আইন অনুযায়ী তাঁকে কাছের সেনানিবাসের মিলিটারি পুলিশের হেফাজতে রাখা হয়।সেনা কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার তদন্ত করছেন মধুখালী থানার এসআই এনামুল হক। তিনি বলেন, সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার এবং পরে যশোর সেনানিবাসের এমপি পুলিশের কাছে সোপর্দ করার বিষয়টি গতকাল জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতকে অবহিত করা হয়েছে।