ফেনসিডিলসহ রাজশাহীতে তিন গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৯৫৪ বোতল ফেনসিডিলসহ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের তিন কনস্টেবলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তিন পুলিশ হলেন—সিদ্দিকুর রহমান, আ. সামাদ ও লালন মাহমুদ। একই ঘটনায় অটোরিকশাচালক সাইফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী সদর এ সার্কেলের পরিদর্শক ভূপতি বর্মণ বাদী হয়ে চারজনের নামে নগরের রাজপাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সকালেই তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে রাজশাহী নগরের গুড়িপাড়া এলাকায় একটি অটোরিকশা আটক করে। অটোরিকশার পেছনের আসনে সিদ্দিকুর, সামাদ ও লালন বসা ছিলেন। তাঁদের পায়ের কাছে ফেনসিডিলের বোতলগুলো রাখা ছিল। আটকের পরে তাঁরা নিজেদের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল বলে পরিচয় দেয়। কিন্তু তাঁদের কাছে কোনো আদেশ নামার (কমান্ড সার্টিফিকেট-সিসি) কপি ছিল না। তাঁদের ইউনিফর্ম ছিল না, সরকারি যানবাহনও ছিল না। একই সঙ্গে অটোরিকশার চালক সাইফুল ইসলামকেও আটক করে। আটক সাইফুল ইসলাম জানিয়েছে, মতিহার থানা এলাকায় ওই তিনজন তাঁর গাড়িটি ভাড়া নেয়।মামলার বাদী ভূপতি কুমার বর্মণ বলেন, ভোর চারটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আটক কনস্টেবলদের সপক্ষে একটি সিসি নিয়ে আসেন। কিন্তু তাতে সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ছিল না। নম্বরের জায়গা ফাঁকা ছিল। নিয়ম অনুযায়ী বাইরে অভিযানে যেতে হলে তাদের সিসির কপি নিয়ে যেতে হয়। তিনি বলেন, এ সব অসংগতির ব্যাপারে গোয়েন্দা পুলিশ কনস্টেবল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেনি।রাজপাড়া থানার উপপরিদর্শক আবদুর রব বলেন, তাদের মাদক দ্রব্য আইনে মামলা করে আজ সকাল সাড়ে নয়টার সময় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ বলেন, ‘আমি জানি যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। তদন্ত করে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়টি আমরা নিশ্চিত করব।’