ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের চার কনস্টেবল গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে একটি ট্রেনে অভিযান চালিয়ে আজ সোমবার জিআরপি পুলিশের চার কনস্টেবলকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পাঁচবিবি থানা পুলিশ যৌথভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি মামলা হয়েছে।পাঁচবিবি থানা পুলিশ সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে আজ সকাল সাড়ে আটটার দিকে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হায়াত মো. রফিকের নেতৃত্বে ওই দলটি ট্রেনের একটি কামরায় তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ব্যাগ তল্লাসির সময় ওই ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের (জিআরপি) কনস্টেবল হারুনর রশীদ, শহিদুর রহমান, আ. খালেক ও সাইফুল ইসলাম বাধা দেন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্র জানান, রেলওয়ে পুলিশের চার কনস্টেবলের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে সান্তাহার থানায় মামলা করে।