ফেনসিডিলসহ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে প্রাইভেট কারে করে ফেনসিডিল বহনের সময় ৭৮০ বোতল ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজর ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল (ইএমই) কোরের মেজর রেজা শাহ্ মোহাম্মদ জিলুল্লাহ্ ও তাঁর সহযোগী রাজশাহী নগরের বিনোদপুর এলাকার বাসিন্দা আবু সাদাত মোহাম্মদ মিলন।গ্রেপ্তারের খবর পেয়ে গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে বগুড়া সেনানিবাসের মিলিটারি পুলিশের (এমপি) ক্যাপ্টেন রেজাসহ একদল সেনাসদস্য বঙ্গবন্ধু সেতুু পশ্চিম থানায় যান। মেজর রেজা শাহকে তাঁরা পুলিশের কাছ থেকে বগুড়া সেনানিবাসে নিয়ে যান। তবে গ্রেপ্তার হওয়া সাদাত, উদ্ধার হওয়া ফেনসিডিল ও প্রাইভেট কারটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজউদ্দিন বাদী হয়ে মেজর রেজা শাহ ও সাদাতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। এসআই রিয়াজ জানান, নওগাঁ থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেট কার (নম্বর: চট্ট-মেট্রো-অ-১১৬) বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় এলে পুলিশ সদস্যরা গাড়িটি থামান। এ সময় গাড়ির চালক নিজেকে মেজর রেজা শাহ বলে পরিচয় দেন। গাড়ির হ্যাঙ্গারে ঝোলানো অবস্থায় ব্যাজসহ রেজার সেনাবাহিনীর পোশাক রাখা ছিল। রেজার গাড়িতে করে অবৈধ ফেনসিডিল বহন করা হচ্ছে—এমন অভিযোগ তুললে তিনি ক্ষিপ্ত হন। পরে গাড়ি তল্লাশি করে ৭৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটকের পর মেজর রেজা শাহ পুলিশ ও সাংবাদিকদের জানান, তিনি ঢাকা সেনানিবাসে সিএমএইচসংলগ্ন ইএমই কোরে মেজর হিসেবে কর্মরত। বাড়ি পুরান ঢাকার বিশ্বাসচরণ দাস স্ট্রিটে। এর আগে ফেনসিডিলের চালান নিয়ে বেশ কয়েকবার ঢাকা যাওয়া-আসা করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে কর্মরত থাকাবস্থায় সুযোগ বুঝে গাড়ি নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা হন। নওগাঁ থেকে ফেনসিডিল নিয়ে ফেরার পথে পুলিশের কাছে আটক হন।সেনা কর্মকর্তা রেজা জানান, ঢাকার পান্থপথের হেলাল নামের এক মাদক ব্যবসায়ীর কাছে ফেনসিডিলগুলো পৌঁছে দিলে তাঁকে ৩০ হাজার টাকা এবং সহযোগীকে পাঁচ হাজার টাকা দেওয়া হতো।গ্রেপ্তার হওয়া সাদাত জানান, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারির কাজ করেন। মাঝেমধ্যে ফেনসিডিলের চালান ঢাকায় পৌঁছে দিলে পাঁচ হাজার করে টাকা পান।আইএসপিআরের বক্তব্য: ফেনসিডিলসহ সেনাবাহিনীর একজন মেজরের গ্রেপ্তারের বিষয়ে গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘গত ১৫ জুলাই দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত একজন অফিসার তাঁর নিজ গাড়িযোগে নওগাঁ থেকে ঢাকায় আসার পথে বঙ্গবন্ধু ব্রিজের পশ্চিম প্রান্তে পুলিশ কর্তৃক আটক হন। গাড়িটি তল্লাশি করে গাড়িতে কিছু ফেনসিডিল পাওয়া যায়। বিষয়টি গোচরে আসা মাত্রই ওই অফিসারকে সেনা কর্তৃপক্ষ সিরাজগঞ্জ পুলিশের কাছ থেকে রাতেই গ্রহণ করে। বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এর তদন্ত কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। তদন্ত দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যাতে সেনাবাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তির অবক্ষয় না হয়।’