ফেনী, রাঙামাটি ও সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
ফেনী, রাঙামাটি ও সাভারে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ফেনীতে তিনজন, রাঙামাটিতে তিনজন এবং সাভারে দুজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।ফেনী থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আজ বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাড়িপুর বিসিক সড়কের মাথা নামক স্থানে ঢাকা থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত যান। নিহত ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার দেবীপুর গ্রামের আলম (৩৫), মোহাম্মদ আলী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল ইসলাম (৬০) ও বাথানিয়া গ্রামের অটোরিকশা চালক সুমন (৩২)।মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু তাহের সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।রাঙামাটি থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, রাঙামাটির কাপ্তাই-বান্দরবান সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশা চালক শহীদুল্লাহ, বাসনা দে ও রাঙ্গুনিয়া নোয়াপাড়া সিটি ব্যাংকের দারোয়ান নূরুল ইসলাম। নিহত ব্যক্তিদের সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। এ সময় মো. জসিম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকউল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটিকে আটক করেছে। তবে ট্রাকের চালক ও সহকারীকে আটক করা যায়নি।মানিকগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আজ বিকেল চারটার দিকে সাভারের আশুলিয়া থানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই পিকআপ ভ্যানের চালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন বাস যাত্রী।এর আগে একই সড়কের বাইপাইল এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক চলন্ত একটি রিকশাকে ধাক্কা দিলে রিকশার আরোহী আবদুর রাজ্জাক খান গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি লাশই উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।