ফেনী ও কাপ্তাইয়ে ‘ভিটামিন এ’ ক্যাম্পেইন নিয়ে বিভ্রান্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী ও রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো নিয়ে আজ মঙ্গলবার বিভ্রান্তি চলেছে। অনেক অভিভাবকই শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়াতে নিয়ে যাননি। তবে সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিত্সকেরা জানান, কোনো শিশু অসুস্থ বা মারা যাওয়ার খবর তাঁরা জানতে পারেননি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর।
ফেনী:
ফেনীতে শিশুদের ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো নিয়ে বিভিন্ন বিভ্রান্তির কথা শোনা যায়। ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আলাউদ্দিন মজুমদার বলেন, অনেক মা শিশুদের নিয়ে হাসপাতালে এসেছেন। তবে কেউ অসুস্থ হয়নি। কাউকে হাসপাতালে ভর্তিও করা হয়নি। ফেনীর সিভিল সার্জন হরিপদ রায় জানান, কোথাও কোনো শিশুর অসুস্থতা বা মৃত্যুর খবর তিনি পাননি। তিনি জানান, যেসব মা আজ শিশুদের ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়াতে পারেননি, তাদের আগামীকাল বুধবার ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে।
কাপ্তাই (রাঙামাটি):
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপ দেওয়ান বলেন, শত ভাগ শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো সম্ভব হয়নি। তিনি বলেন, আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাপ্তাইয়ের ১২৭টি কেন্দ্রে বিভিন্ন বয়সের প্রায় চার হাজার শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের মাঠকর্মীরা যথারীতি কাজ শুরু করেন। কিন্তু সকাল ১০টার সময় হঠাত্ খবর হয়, কাপ্তাই উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খেয়ে অনেক শিশু মারা গেছে। এ সময় কয়েকজন লোক শিশুদের ভিটামিন ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়াতে স্বাস্থ্যকর্মীদের বাধা দেন। পাশাপাশি শিশুদের ক্যাপসুল না খাওয়ানোর জন্য মা এবং অভিভাবকদেরও বলেন। এরপর অনেক অভিভাবকই ‘ভিটামিন এ’ ক্যাপসুল না খাইয়েই শিশুকে বাড়ি নিয়ে যান। কোনো শিশু ওই এলাকায় সত্যিই ‘ভিটামিন এ’ ক্যাপসুল খেয়ে মারা গেছে কি না, জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপ দেওয়ান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উপজেলার কোথাও কোনো শিশু ‘ভিটামিন এ’ ক্যাপসুল খেয়ে অসুস্থ হয়েছে বা মারা গেছে বলে তিনি খবর পাননি। চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালের চিকিত্সক রঞ্জিত চাকমা বলেন, তাঁর হাসপাতালে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খেয়ে অসুস্থ কোনো শিশু ভর্তি হয়নি। কোনো মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন গুজব ছড়িয়েছে বলে চিকিত্সক অনুপ দেওয়ান জানান।