ফেনী ও কুমিল্লায় গণপিটুনিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামে এবং কুমিল্লার নাঙ্গলকোটে মাধবপুর গ্রামে গতকাল শনিবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:ফেনী: স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে সোনাগাজীর পশ্চিম চর দরবেশ গ্রামের জাহিদুল মুক্তারের বাড়িতে ১০ থেকে ১২ জন ডাকাত হানা দেয়। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতি শেষে পালানোর সময় ওই বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন বের হয়ে আসে। রাত দুইটার দিকে মসজিদের মাইকে ডাকাত আসার ঘোষণা দেওয়া হয়। স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করে দেড় কিলোমিটার দূরে কাজিরহাট স্লুইচ গেটের কাছে ঘেরাও করে তিনজনকে গণপিটুনি দেয়। বাকিরা পালিয়ে যায়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশীদ আলম প্রথম আলোকে বলেন, আহত তিনজনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মামুন (৩০) ও জহিরকে (৩২) মৃত ঘোষণা করে। আহত মুন্না ওই হাসপাতালে ভর্তি আছে। তাঁদের বাড়ি জেলার দাগনভূঞা এলাকায়।লাকসাম (কুমিল্লা): নাঙ্গলকোটের মাধবপুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে রবিউল হক (৩০) নামের এক ব্যক্তি নিহত হন। নিহতের বাড়ি একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রশান্ত পাল প্রথম আলোকে জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।