কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, সংঘর্ষ, বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে গতকাল ফেনী সদর ও পরশুরাম পৌরসভার ভোট গ্রহণ শেষ হয়। হাঙ্গামার কারণে ফেনী সদর পৌরসভার দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। উভয় পৌরসভায় অন্তত ৩৫ জন আহত হয়। ভোট ডাকাতির অভিযোগে জেলা বিএনপি আজ বুধবার ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।হামলা ও কেন্দ্র দখলের অভিযোগে গতকাল দুপুরেই ফেনী ও পরশুরামের বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীরা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তাঁরা এই দুটি পৌরসভায় পুনর্নির্বাচন দাবি করেন। এরপর বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে বিএনপির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, ফেনীতে কোনো ভোট হয়নি। বহিরাগতরা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছে। এর প্রতিবাদে বিএনপি আজ হরতাল ডেকেছে।ফেনী পৌরসভায় বিএনপি-সমর্থিত দুই মেয়র পদপ্রার্থী মো. ফারুক হারুন ও নুরুল আবসার গতকাল দুপুরে পৃথক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, এই পৌরসভায় মোট ভোটকেন্দ্র ৩০টি। এর মধ্যে ২০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর আগেই আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে শত শত বহিরাগত ঢুকে পড়ে। তারা শহরের কেন্দ্রস্থলের পিটিআই কেন্দ্র, সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্র, বালিকা বিদ্যানিকেতন, সহদেবপুর ইছহাকিয়া প্রাথমিক বিদ্যালয়, বিরিঞ্চি মাদ্রাসা, জি এ একাডেমি, সুলতানপুর সরকারি প্রাইমারি স্কুল, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির মেয়র পদপ্রার্থীর এজেন্টদের বের করে দেয়। এ ছাড়া ভোটারদের হাত থেকে এবং পোলিং কর্মকর্তাদের কাছ থেকে জোর করে ব্যালট পেপার নিয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর প্রতীকে সিল মেরে বাক্সে ফেলা হয় বলেও অভিযোগ করা হয়।রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী জানান, দুপুর সাড়ে ১২টায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল বহিরাগত ঢুকে ব্যালট পেপারে জোর করে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া বারাহিপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে সরকারদলীয় প্রার্থীর পক্ষে সিল মারার চেষ্টাকে কেন্দ্র করে কয়েকটি ভোটকেন্দ্রের আশপাশে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কিছু কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত ছিল।সকাল সাড়ে ১০টায় সুলতানপুর সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে ফেনী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে বিএনপির স্থানীয় সাংসদ জয়নাল আবদিন (ভিপি জয়নাল) সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সরকারি দলের বহিরাগত সন্ত্রাসীরা বিরিঞ্চি মাদ্রাসা কেন্দ্র থেকে বিএনপির নেতা সামছুল হকসহ (সামছু চেয়ারম্যান) অন্যদের মারধর করে বের করে দিয়েছে।দুপুরে শহরের পিটিআই কেন্দ্রে, ট্রাংক রোডে ও ফেনী প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মাইক্রোবাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সকাল ১০টায় বহিরাগত যুবকেরা ব্যালটসহ দুটি ভোটের বাক্স ছিনতাই করে নিয়ে যান।বিএনপি অভিযোগ করে, আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর লোকজন বেলা ১১টার মধ্যে প্রায় সবগুলো ভোটকেন্দ্র তাদের নিয়ন্ত্রণে নেয়।ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আসলে ফেনীতে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে।’ তাঁর অভিযোগ, বিএনপির প্রার্থী ফেনী পৌর নির্বাচনকে কলঙ্কিত করতে আগে থেকেই নীলনকশা তৈরি করে রাখেন। তাঁরা পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জনের ঘোষণা দেন।সোনাগাজী: সোনাগাজী পৌরসভায়ও বিভিন্ন ভোটকেন্দ্র থেকে সরকারি দলের নেতা-কর্মীরা জোর করে ব্যালট পেপারে সিল মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন অভিযোগ করেন, সরকারি দলের বহিরাগত ক্যাডাররা সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করে।সোনাগাজী ফ্রি ক্যাডেট ইনস্টিটিউট কেন্দ্রে এ ধরনের সিল মারা ১৫৭টি ও মোহাম্মদ ছাবের পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৬৭টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তারা জানান।পরশুরাম: পরশুরাম প্রতিনিধি জানান, পরশুরাম পৌরসভার তিনটি ভোটকেন্দ্রে কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তিনজন কাউন্সিলর পদপ্রার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।দুপুরে বিএনপির মেয়র পদপ্রার্থী আবু তালেব সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন চৌধুরীর লোকজন বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টায় বাঁশপদুয়া কেন্দ্রে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের নেতা নিজাম উদ্দিন ও বিএনপির প্রার্থী নুরুল ইসলামের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে নিজাম উদ্দিনের কর্মীরা ১০০ ব্যালট পেপার ছিনতাই করেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে এই কেন্দ্রে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটার দিকে বাউরখুমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর পদপ্রার্থী আবদুল খালেক ও বিএনপি-সমর্থিত প্রার্থী মাঈন উদ্দিন ভূঞার কর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন।বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক এবং ছাত্রলীগের সহসভাপতি আবদুল নঈম স্বপনের সমর্থকদের মধ্যে সংর্ঘষ হয়। এতে স্বপনসহ অপর কাউন্সিলর পদপ্রার্থী জুলফিকার আলীসহ ১৫ জন আহত হন।