ফেনী থেকে ফিরে আসছেন গণজাগরণ মঞ্চের নেতারা
ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়া গণজাগরণ মঞ্চের নেতারা ফেনী থেকে ঢাকায় ফেরত আসছেন। ফেনীতে পুলিশের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে তাঁরা ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা ও যুব ইউনিয়নের নেতা আসাদুজ্জামান মাসুম প্রথম আলো ডটকমকে জানান, আজ বুধবার বেলা দুইটার দিকে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারসহ অন্য নেতারা দুটি গাড়ি নিয়ে ফেনী পৌঁছান। এ সময় পুলিশ কর্তৃপক্ষ তাঁদের স্বাগত জানায়। এরপর ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ট্রাংক রোডের পুলিশ লাইনে পুলিশের সঙ্গে গণজাগরণ মঞ্চের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের উদ্দেশে যাওয়া যাবে না। এর পরিপ্রেক্ষিতে বেলা তিনটার দিকে নেতাদের বহনকারী গাড়ি দুটি ঢাকার উদ্দেশে রওনা হয়। বিকেলে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলো ডটকমকে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারসহ অন্য নেতাদের ফেনীতে উপস্থিতি ও তাঁর কার্যালয়ে তাঁদের চা-নাশতা খাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, ঢাকা থেকে গণজাগরণ মঞ্চের একটি প্রতিনিধিদল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে আলোচনা করতে চট্টগ্রামে যাচ্ছিল। আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ ও হেফাজতে ইসলাম। এর পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেখানে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।