রামগড়ে ফেনী নদীর ওপর পানি পরিশোধন প্লান্ট নির্মাণ করতে ভারতকে সম্মতি দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ইসমাইল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। খুব শিগগিরই এর নির্মাণকাজ শুরু হচ্ছে বলে তিনি জানান।এ ব্যাপারে ইসমাইল হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এই প্লান্ট নির্মাণে ২০১০ সালে যৌথ নদী কমিশনের সিদ্ধান্ত হয়। ভারত নদীর মাঝামাঝি জায়গায় প্লান্ট নির্মাণ করতে চেয়েছিল। যে পাম্পের কথা বলা হচ্ছিল, তা-ও বড় ছিল। আমরা তাতে রাজি হইনি। এখন ভারতীয় অংশেই প্লান্ট বসানো হচ্ছে। পাম্পও ছোট।’ এর কারণে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে কি না, জানতে চাইলে এই প্রকৌশলী বলেন, বর্ষায় পানিপ্রবাহে হেরফের হবে না। চুক্তির অতিরিক্ত পানি যাতে তোলা না হয়, এ জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তদারকি করবে।গতকাল ইসমাইল হোসেনের নেতৃত্বে সাতজনের প্রতিনিধিদল রামগড় সীমান্ত দিয়ে ভারতে সাব্রুম বাজার (আনন্দপাড়া) এলাকায় পৌঁছেন। সেখানে ত্রিপুরার ডি ডব্লিউ এস দপ্তরের প্রধান প্রকৌশলী তপন লোধের নেতৃত্বে সাতজনের প্রতিনিধিদলের সঙ্গে তাদের বৈঠক হয়। বৈঠক শেষে জানানো হয়, ভারতে দাবি ছিল, নদীর দুই দেশের সীমানার মধ্যবর্তী স্থানে প্লান্ট নির্মাণের জন্য ভারত দাবি করেছিল। কিন্তু তাতে বাংলাদেশ রাজি হয়নি। তবে নদীর ভারতীয় সীমান্তে প্লান্ট নির্মাণ হলে বাংলাদেশের আপত্তি নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে।